ছবি: সংগৃহীত
ভারতীয় চলচ্চিত্রের কিংবদন্তি নির্মাতা সিঙ্গীতম শ্রীনিবাস রাও (৯৪) মারা গেছেন। চেন্নাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (০৩ অক্টোবর) রাতে মারা গেছেন তিনি।
বয়সজনিত নানা শারীরিক জটিলতায় কিছুদিন ধরে চিকিৎসা নিচ্ছিলেন এ বর্ষীয়ান নির্মাতা। তার পরিবারের পক্ষ থেকে মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে।
সিঙ্গীতম ১৯৩১ সালের ২১ সেপ্টেম্বর অন্ধ্রপ্রদেশের গুডুরে জন্মগ্রহণ করেন। ছয় দশকের দীর্ঘ ক্যারিয়ারে তেলুগু, তামিল, কন্নড়, মালয়ালম ও হিন্দিসহ একাধিক ভাষার চলচ্চিত্র নির্মাণ করেছেন তিনি। প্রচলিত গল্প বলার ধরন থেকে বেরিয়ে নতুন ভাবনা, ভিন্নধর্মী নির্মাণশৈলী। নানা ঘরানার পরীক্ষার জন্য ভারতীয় সিনেমায় আলাদা জায়গা তৈরি করেছিলেন তিনি।
আরও পড়ুন: ছোট পর্দার টুম্পাই বড় পর্দায় ইধিকা
চলচ্চিত্রে তার পথচলা শুরু হয় নির্মাতা এলভি প্রসাদের সহকারী হিসেবে। ১৯৭২ সালে ‘নীতি নিজায়িতি’ সিনেমা দিয়ে পরিচালক হিসেবে অভিষেক হয় তার। এরপর একে একে নির্মাণ করেন বহু প্রশংসিত চলচ্চিত্র। তার সবচেয়ে আলোচিত কাজগুলোর একটি ‘পুষ্পক বিমানম’।
১৯৮৭ সালে মুক্তি পাওয়া কমল হাসান অভিনীত এ সিনেমায় কোনো সংলাপ ছাড়াই কালো হাস্যরসের গল্প বলা হয়েছিল। ব্যতিক্রমী নির্মাণের জন্য সিনেমাটি জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা জনপ্রিয় চলচ্চিত্রের স্বীকৃতি পায়।
নব্বই পেরিয়েও চলচ্চিত্র নির্মাণের আগ্রহ হারাননি সিঙ্গীতম। তার সর্বশেষ সিনেমা ‘সিং গীতম’, প্রযোজনা করেন নাগ অশ্বিন। চলতি বছর সিনেমাটির কাজ শেষ হয়।
আপন দেশ/এনএম
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































