ছবি : সংগৃহীত
ভারতে শিক্ষার্থীদের আন্দোলন ক্রমেই বাড়ছে। দিল্লি থেকে শুরু হওয়া এ আন্দোলন এখন দেশটির বিভিন্ন শহরে ছড়িয়ে পড়েছে। সাধারণ মানুষের পাশাপাশি এতে অংশ নিচ্ছেন বিভিন্ন অঙ্গনের তারকারাও।
এমনই এক কর্মসূচিতে অংশ নিতে মুম্বাইয়ের দাদারে যান ‘ধুরন্ধর’খ্যাত অভিনেত্রী আয়েশা খান। সেখানে শিক্ষার্থীদের বিক্ষোভ চলাকালে পুলিশ তাকে আটক করে। আর বিষয়টি তিনি নিজেই জানিয়েছেন সোশ্যাল মিডিয়ায়।
এক ভিডিও বার্তায় আয়েশা বলেন, এখনও আমার হাত কাঁপছে। আমি শুধু শান্তভাবে রাস্তায় দাঁড়িয়ে ছিলাম। হঠাৎ আমাকে পুলিশের ভ্যানে তুলে নেয়, আটক করে।
আয়েশার দাবি, তিনি বিক্ষোভ শুরু করেননি। এর আগে তার ভাই এবং কয়েকজন বন্ধুকে পুলিশ আটক করেছিল। সে সময়ে তিনি শুধু রাস্তায় দাঁড়িয়ে ছিলেন।
আয়েশা যে ভিডিও শেয়ার করেছেন, তাতে দেখা যায়, এক যুবক বলছেন, তার গণিতের পরীক্ষা রয়েছে। কোনও কারণ ছাড়াই তাকে আটক করেছে পুলিশ।
আরেকটি ভিডিওতে দেখা যায়, আয়েশা পুলিশ সদস্যদের জিজ্ঞেস করছেন, তাদের কোথায় নিয়ে যাওয়া হচ্ছে। তবে সে প্রশ্নের কোনও উত্তর তিনি পাননি। চারজন মহিলা পুলিশ সদস্য জোর করে আয়েশাকে ভ্যানে তুলছেন, এমন একটি ফুটেজও ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে।
আরও পড়ুন <<>> ককরোচ জনতা পার্টির আন্দোলনে অভিনেত্রীর স্বামী গ্রেফতার
আয়েশা লেখেন, দুর্ভাগ্যজনকভাবে আমাকে ভ্যানে তুলতে চারজন মহিলা পুলিশ সদস্য এসেছিলেন। কিন্তু আমি আবার একই প্রশ্ন করছি, কেন? আমি কি কোনও হইচই করেছি? আমি কি কোনও কথাবার্তা শুরু করেছিলাম? আমাকে কেন আটক করা হলো? শুধু রাস্তায় দাঁড়িয়ে থাকার জন্য? আমি তো পাঁচ জনের দলের মধ্যেও ছিলাম না।
আটকের পর আয়েশাকে মুম্বাইয়ের ওরলি থানায় নিয়ে যাওয়া হয়। সেখানকার কর্তব্যরত পুলিশ কর্মকর্তারা তার সঙ্গে সহযোগিতাপূর্ণ আচরণ করেছেন বলে জানান অভিনেত্রী। বিস্তারিত জিজ্ঞাসাবাদ শেষে থানা থেকে তাকে মুক্ত করে দেয়া হয়েছে বলে জানা গেছে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































