Apan Desh | আপন দেশ

মুক্তি পেল মাইকেল জ্যাকসনের বায়োপিক ‘মাইকেল’

বিনোদন ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১৬:২০, ২৪ এপ্রিল ২০২৬

মুক্তি পেল মাইকেল জ্যাকসনের বায়োপিক ‘মাইকেল’

ছবি: সংগৃহীত

বিশ্বজুড়ে মুক্তি পেয়েছে পপসম্রাট মাইকেল জ্যাকসন-এর জীবনভিত্তিক সিনেমা মাইকেল।। শুক্রবার (২৪ এপ্রিল) একযোগে আন্তর্জাতিকভাবে ছবিটি প্রেক্ষাগৃহে এসেছে। বাংলাদেশেও একই দিনে স্টার সিনেপ্লেক্স-এ সিনেমাটি দেখা যাচ্ছে।

বড় বাজেটের এ সিনেমায় মাইকেল জ্যাকসনের চরিত্রে অভিনয় করেছেন তার ভাতিজা জাফার জ্যাকসন। তার বডি ল্যাঙ্গুয়েজ, পোশাক ও নাচের স্টেপে জীবন্ত হয়ে উঠেছে কিংবদন্তির উপস্থিতি।

সিনেমায় দেখানো হয়েছে মাইকেলের শৈশব, বেড়ে ওঠা এবং সংগীতজগতে তার উত্থানের গল্প। কোটি ভক্তের হৃদয় জয় করার নানা মুহূর্ত এতে উঠে এসেছে। মৃত্যুর ১৬ বছর পর যেন পর্দায় আবারও ফিরে এলেন এ বিশ্বতারকা।

১৯৫৮ সালের ২৯ আগস্ট যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের গ্যারি শহরে জন্মগ্রহণ করেন মাইকেল জ্যাকসন। সংগীতপ্রেমী পরিবারে বেড়ে ওঠায় ছোটবেলা থেকেই তার মধ্যে গান ও নাচের প্রতি আগ্রহ তৈরি হয়।

মাত্র পাঁচ বছর বয়সে ভাইদের নিয়ে গঠিত দ্য জ্যাকসন ৫-এর লিড ভোকালিস্ট হিসেবে পেশাদার সংগীত জীবন শুরু করেন তিনি। ‘আই ওয়ান্ট ইউ ব্যাক’ ও ‘এবিসি’-এর মতো গান দিয়ে ব্যান্ডটি দ্রুত জনপ্রিয়তা পায়।

১৯৭১ সালে একক ক্যারিয়ার শুরু করেন মাইকেল। ১৯৮২ সালে প্রকাশিত তার অ্যালবাম থ্রিলার তাকে বিশ্বজুড়ে অনন্য উচ্চতায় পৌঁছে দেয়। এটি ইতিহাসের অন্যতম সর্বাধিক বিক্রীত অ্যালবাম হিসেবে স্বীকৃত।

আরও পড়ুন <<>> জম্বি কমেডিতে জুটি বাঁধছেন টাইগার শ্রফ-শানায়া

সংগীতের পাশাপাশি মানবহিতৈষী কাজেও তিনি ছিলেন অনন্য। বিশ্বজুড়ে ৩৯টি দাতব্য সংস্থায় বিপুল অর্থ অনুদান দেন। নাগরিক অধিকার ও পরিবেশ সচেতনতা গড়তেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

১৯৯৬ সালে নিজের আয়ের বড় অংশ ব্যয় করে প্রায় ২ লাখ ৭০ হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি করেন। এ কারণে তিনি শুধু শিল্পী নন, মানবিকতার প্রতীক হিসেবেও স্মরণীয় হয়ে আছেন।

২০০৯ সালের ২৫ জুন লস অ্যাঞ্জেলেসে অতিরিক্ত প্রোপোফল ও বেনজোডিয়াজেপাইনের প্রভাবে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান মাইকেল জ্যাকসন। তার জীবনের নানা উত্থান-পতন ও নাটকীয়তা নিয়েই নির্মিত হয়েছে এ বায়োপিক।

ছবিটি পরিচালনা করেছেন অ্যান্টোইন ফুকুয়া। চিত্রনাট্য লিখেছেন জন লোগান। প্রযোজনা করেছে লায়ন্সগেট।

এতে আরও অভিনয় করেছেন নিয়্যা লং, লরা হ্যারিয়ার, জুলিয়ানো ক্রু ভালদি, মাইলস টেলার এবং কোলম্যান ডোমিঙ্গোর মতো তারকারা।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়