Apan Desh | আপন দেশ

নবনির্বাচিত রাষ্ট্রপতিকে ইবি জিয়া পরিষদের অভিনন্দন

ইবি প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৪:৩৯, ২৩ আগস্ট ২০২৬

নবনির্বাচিত রাষ্ট্রপতিকে ইবি জিয়া পরিষদের অভিনন্দন

ছবি: আপন দেশ

দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত ও শপথ গ্রহণ করায় বিএনপির সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন  জানিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন জিয়া পরিষদ।

শনিবার (২২ আগস্ট) রাতে ইবি জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক ড. ফারুকুজ্জামান খান ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক শুভেচ্ছা বার্তায় এ অভিনন্দন জানানো হয়।

বার্তায় বলা হয়, সুদীর্ঘ রাজনৈতিক জীবনে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অর্জিত অভিজ্ঞতা, প্রজ্ঞা, দূরদর্শিতা, দেশপ্রেম ও গণতান্ত্রিক মূল্যবোধ জাতির জন্য মূল্যবান সম্পদ। রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে অধিষ্ঠিত হয়ে তিনি সংবিধানের মর্যাদা, স্বাধীনতা ও সার্বভৌমত্ব, গণতন্ত্র, আইনের শাসন, ন্যায়বিচার ও জাতীয় ঐক্য সমুন্নত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলে প্রত্যাশা ব্যক্ত করা হয়।

শুভেচ্ছা বার্তায় আরও বলা হয়, রাষ্ট্রপতি দল-মত ও সব ধরনের সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে সমগ্র জাতির ঐক্যের প্রতীক হিসেবে সাংবিধানিক দায়িত্ব নিষ্ঠা, সততা, প্রজ্ঞা ও নিরপেক্ষতার সঙ্গে পালন করবেন। তার দায়িত্বকালে দেশের শান্তি-স্থিতিশীলতা, জনগণের অধিকার, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর বিকাশ এবং টেকসই উন্নয়ন ও সমৃদ্ধির অগ্রযাত্রা আরও বেগবান হবে বলেও আশা প্রকাশ করা হয়।

আরও পড়ুন<<>>জুনিয়র বৃত্তি পরীক্ষার নতুন সময়সূচি ঘোষণা

উল্লেখ্য, বৃহস্পতিবার জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়। একাধিক প্রার্থী থাকায় ৩৫ বছর পর এবার রাষ্ট্রপতি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। সংসদের ৩৪৯ সদস্যের মধ্যে ৩৪৩ জন ভোট দেন। নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট পেয়ে জয়ী হন। তার প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ পান ৮৮ ভোট। পরদিন শুক্রবার রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মির্জা ফখরুল।

রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার আগে ৭৮ বছর বয়সী মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ২০১৬ সাল থেকে তিনি বিএনপির মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে পাঁচ বছর দলের ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্বে ছিলেন তিনি। বিএনপির সবচেয়ে দীর্ঘকালীন মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করা মির্জা ফখরুলের নেতৃত্ব দলটির রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়