Apan Desh | আপন দেশ

পেনশন ব্যবস্থা সহজীকরণে অটোমেশন চালুর সুপারিশ

বাকৃবি প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৮:১৩, ১৮ আগস্ট ২০২৬

পেনশন ব্যবস্থা সহজীকরণে অটোমেশন চালুর সুপারিশ

ছবি: আপন দেশ

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) অবসরপ্রাপ্ত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের মাসিক পেনশন, উৎসব ভাতা ও বাংলা নববর্ষ ভাতা প্রদান সহজীকরণে অটোমেশন পদ্ধতি চালুর সুপারিশ করা হয়েছে। 

এ লক্ষ্যে গঠিত কমিটির রিপোর্ট ও সুপারিশ মঙ্গলবার (১৮ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়ার কাছে হস্তান্তর করা হয়।

২০২৫ সালের ২৭ মে উপাচার্যের আদেশে বিশ্ববিদ্যালয়ের অ্যাকুয়াকালচার বিভাগের অধ্যাপক ড. মো. আলী রেজা ফারুককে সভাপতি করে এ কমিটি গঠন করা হয়। কমিটির সদস্য হিসেবে ছিলেন আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. মো. রুস্তম আলী, হিসাব শাখার এডিশনাল ট্রেজারার মো. সাজ্জাদ হোসেন মণ্ডল এবং সংস্থাপন শাখা-৫ (পেনশন)-এর এডিশনাল রেজিস্ট্রার মো. সাহেবুল ইসলাম খাঁন। হিসাব শাখার (পেনশন গ্রুপ) ডেপুটি ট্রেজারার মো. দেলোয়ার হোসেনকে সদস্য-সচিব করা হয়।

এছাড়া কমিটির আমন্ত্রিত সদস্য হিসেবে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার (অ.দা.) অধ্যাপক ড. হুমায়ুন কবির এবং রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হেলাল উদ্দীন দায়িত্ব পালন করেন। 

আরও পড়ুন<<>>বর্ণাঢ্য আয়োজনে বাকৃবির ৬৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

কমিটির কার্যপরিধিতে বলা হয়, বাকৃবির অবসরপ্রাপ্ত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের অনেকে দেশের বিভিন্ন জেলা এবং বিদেশে অবস্থান করেন। ফলে প্রতি মাসে নির্ধারিত সময়ে বিল ফরম হিসাব শাখায় জমা দিতে তাদের ভোগান্তিতে পড়তে হয়। এ ভোগান্তি দূর করতেই পেনশন প্রদান ব্যবস্থা সহজীকরণের উদ্যোগ নেয়া হয়েছে।

কমিটির প্রধান সুপারিশের মধ্যে রয়েছে, বাকৃবির পেনশন, উৎসব ভাতা ও বাংলা নববর্ষ ভাতা প্রদান প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইন বা অটোমেশন সফটওয়্যারের মাধ্যমে পরিচালনা করা। অটোমেশন চালু হলে মাসিক পেনশন ও ভাতা অব্যাহত রাখার জন্য প্রতি মাসে পৃথকভাবে বিল ফরম জমা দেয়ার বিধান বাতিল করার সুপারিশ করা হয়েছে।

এছাড়া পেনশনভোগীদের যাবতীয় তথ্য সংগ্রহ করে বিশ্ববিদ্যালয়ের হিসাব শাখার সার্ভারে একটি সুরক্ষিত ডাটাবেস তৈরি এবং সংরক্ষণের সুপারিশ করা হয়েছে। এর ফলে পেনশনভোগীরা বিশ্বের যেকোনো প্রান্তে অবস্থান করেও অনলাইনে ‘লাইভ ভেরিফিকেশন’ সম্পন্ন করে প্রচলিত নিয়মে পেনশন সুবিধা ভোগ করতে পারবেন।

কমিটির সদস্যরা উপাচার্যের কাছে রিপোর্ট ও সুপারিশ হস্তান্তর করলে অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া কমিটির সদস্যদের আন্তরিক ধন্যবাদ জানান।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়