ছবি : আপন দেশ
প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ শুরু হচ্ছে। এ উপলক্ষ্যে দেশের প্রতিটি মাদরাসায় ৪টি করে ফুটবল দল গঠনের নির্দেশ দিয়েছে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড।
আগামী ৩০ জুলাইয়ের মধ্যে দাখিল ও আলিম স্তরের শিক্ষার্থীদের নিয়ে চারটি দল গঠন করে বোর্ডে তথ্য পাঠাতে হবে। একই সঙ্গে আন্তঃশ্রেণি ফুটবল প্রতিযোগিতা আয়োজন ও নিয়মিত অনুশীলনের ব্যবস্থা করতেও বলা হয়েছে।
মঙ্গলবার (২১ জুলাই) বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের রেজিস্ট্রার অধ্যাপক এস এম তৌহিদুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেয়া হয়।
এতে বলা হয়, বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৯ আগস্ট চট্টগ্রাম স্টেডিয়ামে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর উদ্বোধন করবেন। একই দিন ও একই সময়ে দেশের সব এলাকায় এ টুর্নামেন্ট শুরু হবে।
এ কারণে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে ফুটবল দল গঠন এবং দলগুলোকে প্রস্তুত করতে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ জরুরি বলে উল্লেখ করা হয়েছে।
নির্দেশনায় বলা হয়, শিক্ষার্থীদের মধ্য থেকে যোগ্যতার ভিত্তিতে দাখিল (ষষ্ঠ থেকে দশম শ্রেণি) পর্যায়ে একটি ছাত্র ও একটি ছাত্রী দল এবং আলিম (প্রথম ও দ্বিতীয় বর্ষ) পর্যায়ে একটি ছাত্র ও একটি ছাত্রী দল গঠন করতে হবে।
গঠিত দলগুলোর জন্য অভিজ্ঞ শিক্ষক বা প্রশিক্ষকের তত্ত্বাবধানে নিয়মিত অনুশীলনের ব্যবস্থা করতে হবে। পাশাপাশি খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্ব, দলগত চেতনা ও সুস্থ জীবনধারা গড়ে তুলতে প্রয়োজনীয় উদ্যোগ নেয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আগামী ৩০ জুলাইয়ের মধ্যে সব প্রতিষ্ঠানে ফুটবল দল গঠন করে [email protected] ই-মেইল ঠিকানায় তথ্য পাঠাতে হবে।
আরও পড়ুন : ঢাকাসহ ১৭ জেলায় ঝড়ের, নদীবন্দরে সতর্কতা
এ ছাড়া স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসন, ক্রীড়ানুরাগী, রাজনৈতিক ব্যক্তিত্ব ও শিক্ষানুরাগীদের সম্পৃক্ত করে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ সফলভাবে বাস্তবায়নে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।
আপন দেশ/এনএম
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































