ছবি: আপন দেশ
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের স্নাতক (লেভেল-০১, সেমিস্টার-০১) শ্রেণির নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন সোমবার (০৬ জুলাই) হবে। পরদিন ০৭ জুলাই থেকে তাদের আনুষ্ঠানিক ক্লাস শুরু হবে।
বুধবার (১৭ জুন) বিশ্ববিদ্যালয়ের শিক্ষা বিষয়ক শাখা থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার (০৬ জুলাই) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে কেন্দ্রীয় ওরিয়েন্টেশন হবে। এতে নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম, প্রশাসনিক কাঠামো, অ্যাকাডেমিক নিয়মকানুন ও ক্যাম্পাস জীবন সম্পর্কে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেয়া হবে।
একই দিনে সংশ্লিষ্ট অনুষদের ডিনদের তত্ত্বাবধানে অনুষদভিত্তিক এবং হলের প্রভোস্টদের ব্যবস্থাপনায় হলভিত্তিক ওরিয়েন্টেশন হবে। এসব অনুষ্ঠানের সময় ও স্থান স্ব স্ব অনুষদ ও হল কর্তৃপক্ষ নির্ধারণ করবে।
আরও পড়ুন<<>>শিশু আয়াত হত্যা মামলায় আবীরের মৃত্যুদণ্ড
নবীন শিক্ষার্থীদের আবাসন সংক্রান্ত নির্দেশনায় বলা হয়েছে, রোববার (৫ জুলাই) সকাল ৯টা থেকে তারা নিজ নিজ হলে উঠতে পারবেন। এছাড়া মাইগ্রেশনকৃত শিক্ষার্থীদের জন্য লটারির মাধ্যমে হল বরাদ্দ দেয়া হবে। এ সংক্রান্ত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, কেন্দ্রীয় ওরিয়েন্টেশনের দিন বিশ্ববিদ্যালয়ের নিয়মিত সব ধরনের ক্লাস ও চলমান পরীক্ষাসমূহ (যদি থাকে) স্থগিত থাকবে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের আদেশক্রমে অ্যাডিশনাল রেজিস্ট্রার (শিক্ষা) কৃষিবিদ ড. ফারুক আহমেদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট সবার প্রতি প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের আহবান জানানো হয়েছে।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































