Apan Desh | আপন দেশ

এসএসসি পরীক্ষা

কেন্দ্রের চারপাশে জমায়েত নিষিদ্ধ করে ডিএমপির নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ০৯:৪৪, ২১ এপ্রিল ২০২৬

আপডেট: ০৯:৫০, ২১ এপ্রিল ২০২৬

কেন্দ্রের চারপাশে জমায়েত নিষিদ্ধ করে ডিএমপির নির্দেশনা

ছবি : আপন দেশ

চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা নিয়ে একগুচ্ছ নির্দেশনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। 

ডিএমপি কমিশনার (ভারপ্রাপ্ত) মো. সরওয়ারের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

নির্দেশনায় বলা হয়, ২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ১০টা থেকে ঢাকা মহানগরীর ১২৭টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে। এসএসসি ও সমমান পরীক্ষা চলাকালীন পরীক্ষার্থীদের কেন্দ্রে যাতায়াত নির্বিঘ্ন করাসহ ঢাকা মহানগরের সার্বিক ট্রাফিক ব্যবস্থাপনা স্বাভাবিক রাখার লক্ষ্যে নগরবাসী ও যানবাহন চালকদের নিম্নবর্ণিত নির্দেশনাগুলো মেনে চলার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।

১) পরীক্ষার্থীরা যথেষ্ট সময় নিয়ে পরীক্ষা কেন্দ্রের উদ্দেশে রওনা হবেন।

২) যেসব পরীক্ষার্থী ব্যক্তিগত যানবাহনে কেন্দ্রে আসবেন, তারা পরীক্ষাকেন্দ্রের সম্মুখে নামার পরিবর্তে কম ব্যস্ত ও নিকটবর্তী স্থানে নেমে পরীক্ষাকেন্দ্রে হেঁটে আসবেন। পরবর্তীতে পরীক্ষা শেষে ফেরার সময়ও কেন্দ্র থেকে হেঁটে গিয়ে নিকটবর্তী ও কম ব্যস্ত কোনো স্থান থেকে গাড়িতে উঠবেন।

৩) কোনো যানবাহন কোনোভাবেই পরীক্ষাকেন্দ্রের নিকটবর্তী সড়কে পার্কিং করে রাখা যাবে না। (পার্কিং করলে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে)।

৪) অভিভাবকদের পরীক্ষাকেন্দ্রের আশপাশের সড়কে অবস্থান না করার জন্য অনুরোধ করা যাচ্ছে। (অভিভাবকদের সড়কে অবস্থান করে যান চলাচল বিঘ্ন করা সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী অর্থদণ্ডযোগ্য অপরাধ)।

৫) পরীক্ষার্থীদের কেন্দ্রে আসা-যাওয়ার সুবিধার্থে পরীক্ষা শুরুর আড়াই ঘণ্টা আগে পরীক্ষার্থী ব্যতীত অন্য সব যাত্রী জরুরি প্রয়োজন ছাড়া পরীক্ষাকেন্দ্র-সংলগ্ন সড়কগুলো যথাসম্ভব পরিহার করে চলবেন।

৬) ইতোমধ্যে পরীক্ষাকেন্দ্রের ২০০ গজের মধ্যে পরীক্ষার্থী ব্যতীত অন্যদের অবস্থান নিষিদ্ধ করা হয়েছে বিধায় পরীক্ষাকেন্দ্রের আশপাশে অবস্থান করবেন না।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স-এর ২৮ ও ২৯ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এ আদেশ মঙ্গলবার পরীক্ষা চলাকালীন প্রতিদিন কার্যকর থাকবে বলে জানানো হয়েছে।

এসএসসি ও সমমানের পরীক্ষা চলাকালীন পরীক্ষার্থীদের কেন্দ্রে যাতায়াত নির্বিঘ্ন করাসহ মহানগরীর সার্বিক ট্রাফিক ব্যবস্থাপনা স্বাভাবিক রাখতে এসব বিষয়ে সবার সহযোগিতা কামনা করেছে ডিএমপি।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়