Apan Desh | আপন দেশ

পোশাক রফতানিতে নতুন রেকর্ড

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৩:২০, ২৪ সেপ্টেম্বর ২০২৬

আপডেট: ১৫:২৭, ২৪ সেপ্টেম্বর ২০২৬

পোশাক রফতানিতে নতুন রেকর্ড

ছবি: আপন দেশ

বাংলাদেশের অর্থনীতিতে সুখবর। পোশাক রফতানিতে আবারও নতুন রেকর্ড। বৈশ্বিক বাজারে তৈরি পোশাকের চাহিদা ও দেশের রফতানিকারকদের সক্ষমতার হাত ধরে বাড়ছে আয়। এই সাফল্য দেশের রফতানি খাতে নতুন আশার সঞ্চার করেছে।

বাংলাদেশের তৈরি পোশাক রফতানিতে অপ্রচলিত বাজারের গুরুত্ব ক্রমেই বাড়ছে। চলতি ২০২৬-২৭ অর্থবছরের আগস্টে এসব বাজারে তৈরি পোশাক রফতানি রেকর্ড ৬৪২ দশমিক ৯৩ মিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে, যা এক মাসে এ খাতে সর্বোচ্চ রফতানি।

গত দুই বছর অপ্রচলিত বাজারে তৈরি পোশাক রফতানিতে তেমন অগ্রগতি না থাকলেও চলতি অর্থবছরে চিত্রে পরিবর্তন এসেছে।

রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য অনুযায়ী, আগস্টে রেকর্ড রফতানির পাশাপাশি এসব বাজারে তৈরি পোশাক রফতানির মাসিক গড়ও বেড়েছে। ২০২৫-২৬ অর্থবছরে মাসিক গড় রফতানি ছিল ৫৭৪ দশমিক ৩৮ মিলিয়ন ডলার। চলতি অর্থবছরের প্রথম দুই মাসে তা বেড়ে দাঁড়িয়েছে ৬১১ দশমিক ৬০ মিলিয়ন ডলারে।

অপ্রচলিত বাজারে রফতানি বাড়ার সঙ্গে মোট তৈরি পোশাক রফতানিতে এসব বাজারের অংশও বেড়েছে। ২০২৫-২৬ অর্থবছরে মোট তৈরি পোশাক রফতানির ১৫ দশমিক ৯৩ শতাংশ এসেছিল অপ্রচলিত বাজার থেকে। চলতি অর্থবছরে এ হার বেড়ে দাঁড়িয়েছে ১৬ দশমিক ৩২ শতাংশে।

বাংলাদেশ অ্যাপারেল ভয়েসের প্রধান নির্বাহী কর্মকর্তা মহিউদ্দিন রুবেল বলেন, অপ্রচলিত বাজারে বাংলাদেশের তৈরি পোশাক রফতানি সম্প্রসারণের বিপুল সম্ভাবনা রয়েছে। এতদিন এসব বাজারে সেভাবে নজর দেয়া হয়নি। এখন এসব বাজারকে গুরুত্ব দিয়ে সম্ভাবনাকে কাজে লাগানোর সময় এসেছে।

তিনি বলেন, অপ্রচলিত বাজার মানেই শুধু দামি পোশাকের বাজার নয়। এসব দেশে বিভিন্ন ধরনের তৈরি পোশাকের বড় চাহিদা রয়েছে। সব মিলিয়ে দেশগুলোতে শত শত বিলিয়ন ডলারের পোশাকের বাজার রয়েছে। তাই প্রচলিত বাজারের ওপর নির্ভরতা কমিয়ে রপ্তানি আরও বাড়াতে অপ্রচলিত বাজারের দিকে কৌশলগতভাবে গুরুত্ব দেওয়া প্রয়োজন।

ইপিবির তথ্য অনুযায়ী, আগস্টে অপ্রচলিত বাজারগুলোর মধ্যে জাপান ছিল বাংলাদেশের তৈরি পোশাকের সবচেয়ে বড় গন্তব্য। 

আরও পড়ুন >< ‌‘গঙ্গা পানিবণ্টন নিয়ে নতুন চুক্তি চায় বাংলাদেশ, নবায়ন নয়’

দেশটিতে ১১৮ দশমিক ৬৭ মিলিয়ন মার্কিন ডলারের তৈরি পোশাক রফতানি হয়েছে। অস্ট্রেলিয়ায় রফতানি হয়েছে ৭৫ দশমিক ১৪ মিলিয়ন, ভারতে ৭২ দশমিক ৭৮ মিলিয়ন, তুরস্কে ৫৯ দশমিক ৫৭ মিলিয়ন এবং কোরিয়া প্রজাতন্ত্রে ৪৫ দশমিক ১৫ মিলিয়ন মার্কিন ডলারের তৈরি পোশাক।

এ ছাড়া মেক্সিকোতে ৩২ দশমিক ৯৭ মিলিয়ন, সংযুক্ত আরব আমিরাতে ২৮ দশমিক ৬২ মিলিয়ন, ব্রাজিলে ২৪ দশমিক ২৪ মিলিয়ন, চীনে ২০ দশমিক ৭০ মিলিয়ন এবং সৌদি আরবে ১৯ দশমিক ২৫ মিলিয়ন মার্কিন ডলারের তৈরি পোশাক রফতানি হয়েছে।

একই সময়ে মালয়েশিয়ায় ১৫ দশমিক ৯৮ মিলিয়ন, চিলিতে ১৩ দশমিক ১৫ মিলিয়ন, দক্ষিণ আফ্রিকায় ১৩ দশমিক ১০ মিলিয়ন, রাশিয়ায় ৯ দশমিক ৭৯ মিলিয়ন এবং নিউজিল্যান্ডে ৮ দশমিক ৬১ মিলিয়ন মার্কিন ডলারের তৈরি পোশাক রফতানি হয়েছে। 

অন্যান্য অপ্রচলিত বাজারে রফতানি হয়েছে আরও ৮৫ দশমিক ২১ মিলিয়ন মার্কিন ডলারের তৈরি পোশাক।

ইপিবির তথ্য অনুযায়ী, আগস্টে বাংলাদেশের মোট তৈরি পোশাক রফতানি হয়েছে ৩ হাজার ৬০৮ দশমিক ৮৯ মিলিয়ন মার্কিন ডলার। এর মধ্যে অপ্রচলিত বাজারে ৬৪২ দশমিক ৯৩ মিলিয়ন ডলারের রফতানি নতুন বাজার সম্প্রসারণের সম্ভাবনাকে আরও জোরালো করেছে।

রফতানি গন্তব্যে বৈচিত্র্য আনার এই প্রবণতা প্রচলিত বাজারের ওপর নির্ভরতা কমানোর পাশাপাশি নতুন বাজারে বাংলাদেশের তৈরি পোশাকের উপস্থিতি বাড়ানোর সুযোগ তৈরি করছে। 

আগস্টের রেকর্ড রফতানি এবং চলতি অর্থবছরে অপ্রচলিত বাজারের বাড়তে থাকা অংশ বাজার বহুমুখীকরণের সম্ভাবনাকে আরও স্পষ্ট করেছে। সূত্র: বাসস

 

আপন দেশ/এমটিআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়