Apan Desh | আপন দেশ

দ্বিতীয় দফায় ৫৮৬৮ গ্রাহ‌ক পা‌চ্ছেন বিমা দাবির টাকা: আইডিআরএ

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১২:৩৩, ১২ সেপ্টেম্বর ২০২৬

আপডেট: ১২:৩৫, ১২ সেপ্টেম্বর ২০২৬

দ্বিতীয় দফায় ৫৮৬৮ গ্রাহ‌ক পা‌চ্ছেন বিমা দাবির টাকা: আইডিআরএ

ছবি : আপন দেশ

বিমা খাতে গ্রাহকদের আস্থা পুনর্গঠন ও দীর্ঘদিনের অপরিশোধিত বৈধ দাবি নিষ্পত্তির কাজ চলছে। এর ধারাবাহিকতায় দ্বিতীয় দফায় ৫ হাজার ৮৬৮ জন পলিসিধারীর ২৩ কোটি ৩ লাখ ৫৬ হাজার ৯৭১ টাকা পরিশোধ করা হচ্ছে। 

সোমবার (১৪ সেপ্টেম্বর) সংশ্লিষ্ট পলিসিধারীদের এসব বিমা দাবি পরিশোধ করা হবে।

শনিবার (১২ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)।

আইডিআরএ জানিয়েছে, সংশ্লিষ্ট জীবন বিমা কোম্পানিগুলোর সম্পদ, সিকিউরিটি বন্ডসহ বিভিন্ন উৎস থেকে অর্থের সংস্থান করে বৈধ ও দীর্ঘদিনের অপরিশোধিত দাবি নিষ্পত্তির উদ্যোগ নেয়া হয়েছে। দ্বিতীয় দফায় পাঁচটি জীবন বিমা কোম্পানির পলিসিধারীদের দাবি পরিশোধ করা হবে।

আরও পড়ুন: স্বর্ণের নতুন দাম নির্ধারণ, আজ থেকেই কার্যকর

এর মধ্যে পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির ৩ হাজার ৬০০ জন পলিসিধারীকে ১২ কোটি টাকা, হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্সের ১ হাজার ১৪৫ জনকে ৪ কোটি ৯৮ লাখ ৮ হাজার ৫১৪ টাকা, ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ৫৮০ জনকে ৫ কোটি টাকা, সানফ্লাওয়ার লাইফ ইন্স্যুরেন্সের ৩০০ জনকে ৫৫ লাখ ৩০ হাজার টাকা এবং সানলাইফ ইন্স্যুরেন্সের ২৪৩ জনকে ৫০ লাখ ১৮ হাজার ৪৫৭ টাকা পরিশোধ করা হবে।

এর আগে গত ৩ সেপ্টেম্বর প্রথম দফায় সাতটি জীবন বিমা কোম্পানির ২ হাজার ৫৪৯ জন পলিসিধারীর ১৪ কোটি ৫১ লাখ ৩ হাজার ১৪৬ টাকা ৫৮ পয়সা বিমা দাবি পরিশোধ করা হয়।

দুই দফা মিলিয়ে এখন পর্যন্ত ৮ হাজার ৪১৭ জন পলিসিধারীর মোট ৩৭ কোটি ৫৪ লাখ ৬০ হাজার ১১৭ টাকা ৫৮ পয়সার বিমা দাবি পরিশোধের উদ্যোগ নেয়া হয়েছে।

আইডিআরএ জানিয়েছে, কর্তৃপক্ষের চেয়ারম্যান মীর নাদিয়া নিভিনের নেতৃত্বে পলিসিধারীদের ন্যায্য দাবি পরিশোধ, বিমা খাতে শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং গ্রাহকদের আস্থা পুনর্গঠনের লক্ষ্যে এ কার্যক্রম নেয়া হয়েছে।

দীর্ঘদিনের অপরিশোধিত বৈধ দাবি নিষ্পত্তির এ উদ্যোগ অব্যাহত থাকবে বলেও জানিয়েছে নিয়ন্ত্রক সংস্থাটি। অবশিষ্ট বৈধ ও অপরিশোধিত দাবিগুলো যাচাই-বাছাই ও প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে পর্যায়ক্রমে পরিশোধ করা হবে। 

পলিসিধারীদের ন্যায্য অধিকার নিশ্চিত না হওয়া পর্যন্ত এ কার্যক্রম চলবে বলে জানিয়েছে আইডিআরএ।

আপন‌দেশ/মিম/এনএম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়