Apan Desh | আপন দেশ

সাত জীবন বিমা কোম্পানির ২৫৪৯ গ্রাহকের দাবি পরিশোধ

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১২:১৭, ৩ সেপ্টেম্বর ২০২৬

সাত জীবন বিমা কোম্পানির ২৫৪৯ গ্রাহকের দাবি পরিশোধ

ছবি : আপন দেশ

বিমা খাতে গ্রাহকদের আস্থা পুনর্গঠন এবং পলিসিধারীদের বিমা দাবি দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে বিশেষ উদ্যোগ নিয়েছে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। 

এর অংশ হিসেবে সাতটি জীবন বিমা কোম্পানির ২ হাজার ৫৪৯ জন গ্রাহকের ১৪ কোটি ৫১ লাখ ৩ হাজার ১৪৬ টাকা ৫৮ পয়সার বিমা দাবি পরিশোধ করা হয়েছে।

বৃহস্পতিবার (০৩ সেপ্টেম্বর) আইডিআরএর সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে পলিসিধারীদের মধ্যে বিমা দাবির চেক হস্তান্তর করা হয়। আইডিআরএর চেয়ারম্যান মীর নাদিয়া নিভিন অনুষ্ঠানে চেক হস্তান্তর করেন।

আইডিআরএর তথ্য অনুযায়ী, মোট ৯৪টি চেকের মাধ্যমে এসব গ্রাহকের দাবি পরিশোধ করা হয়েছে। চেক পাওয়া গ্রাহকদের মধ্যে রয়েছেন, বায়রা লাইফ, ফারইস্ট ইসলামী লাইফ, গোল্ডেন লাইফ, হোমল্যান্ড লাইফ, পদ্মা ইসলামী লাইফ, প্রগ্রেসিভ লাইফ ও সানফ্লাওয়ার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির পলিসিধারীরা।

এর মধ্যে বায়রা লাইফ ইন্স্যুরেন্স ৮ জন গ্রাহকের ৪ লাখ ৫১ হাজার ৮২৬ টাকা, ফারইস্ট ইসলামী লাইফ ৫২৮ জনের ৫ কোটি ৪২ লাখ ৮৫ হাজার ৩৬৯ টাকা এবং গোল্ডেন লাইফ ৪ জনের ২ লাখ ৫১ হাজার ৪৭৬ টাকা পরিশোধ করেছে।

এ ছাড়া হোমল্যান্ড লাইফ ১৫ জন গ্রাহকের ১০ লাখ ৬৬ হাজার ১৯১ টাকা, পদ্মা ইসলামী লাইফ ৬২৪ জনের ১ কোটি ৯৪ লাখ ৯৪ হাজার ৮৫৩ টাকা, প্রগ্রেসিভ লাইফ ১ হাজার ৩৫০ জনের ৬ কোটি ৯০ লাখ ৩২ হাজার ১৬৫ টাকা ৫৮ পয়সা এবং সানফ্লাওয়ার লাইফ ২০ জনের ৫ লাখ ২১ হাজার ২৬৬ টাকা পরিশোধ করেছে।

অনুষ্ঠানে আইডিআরএর চেয়ারম্যান মীর নাদিয়া নিভিন বলেন, পলিসিধারীদের ন্যায্য দাবি সময় মতো পরিশোধ নিশ্চিত করা আইডিআরএর অন্যতম প্রধান অগ্রাধিকার। বিমা খাতে জনগণের আস্থা পুনর্গঠনে দাবি নিষ্পত্তির গতি ও স্বচ্ছতা আরও বাড়াতে হবে।

তিনি বলেন, পলিসিধারীদের স্বার্থ সুরক্ষায় আইডিআরএ প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেবে।

আরও পড়ুন: শাহজালালে ফ্লাইটের সিটের নিচ থেকে ৯ কেজি ওজনের সোনার বার জব্দ

আইডিআরএ বলছে, পলিসিধারীদের বিমা দাবি পরিশোধের মাধ্যমে একদিকে তাদের আর্থিক অধিকার নিশ্চিত হবে। অন্যদিকে বিমা খাতের প্রতি জনগণের আস্থাও বাড়বে। 

আপন দেশ/মিম/এনএম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়