ছবি : আপন দেশ
যুক্তরাষ্ট্রের নতুন একটি স্মারক মুদ্রায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছবি ব্যবহার করা হয়েছে।
এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
প্রতিবেদনের তথ্যানুযায়ী, যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উপলক্ষে বিশেষ এ কয়েন বাজারে এনেছে দেশটির টাকশাল। কয়েনটিতে ট্রাম্পের প্রতিকৃতির পাশে লেখা রয়েছে ‘ইন গড উই ট্রাস্ট’।
মার্কিন টাকশাল জানায়, স্বাধীনতার আড়াই শতক পূর্তিকে সামনে রেখে তৈরি বিশেষ সংস্করণের এ কয়েনে ‘একটি জাতির চেতনা, গর্ব ও ঐতিহ্য’ তুলে ধরার চেষ্টা করা হয়েছে।
কয়েনটির ২৫টির একটি রোলের মূল্য নির্ধারণ করা হয়েছে ৬১ ডলার বা ৪৫ পাউন্ড। আর ১০০ কয়েনের একটি ব্যাগের দাম ১৫৪ দশমিক ৫০ ডলার। বিক্রি শুরুর কয়েক ঘণ্টার মধ্যেই মার্কিন টাকশালের ওয়েবসাইটে কয়েনগুলো ‘বর্তমানে মজুত নেই’ হিসেবে দেখানো হয়।
টাকশালের পক্ষ থেকে জানানো হয়, যুক্তরাষ্ট্রের ইতিহাসের গুরুত্বপূর্ণ এ মাইলফলক উদ্যাপনের উদ্দেশ্যেই স্মারক কয়েনটি তৈরি করা হয়েছে।
তাদের ভাষ্য, এক প্রজন্মে একবার আসা এ বার্ষিকীর বিশেষ নকশা আধুনিক মুদ্রা সংগ্রহে উল্লেখযোগ্য সংযোজন হবে।
এর আগে গত মে মাসে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট জানিয়েছিলেন, ট্রাম্পের প্রতিকৃতি সংবলিত নতুন ২৫০ ডলারের নোট চালুর পরিকল্পনাও রয়েছে।
তবে জীবিত ব্যক্তির ছবি দিয়ে কাগুজে মুদ্রা ছাপানোর ক্ষেত্রে যুক্তরাষ্ট্রে আইনি বিধিনিষেধ রয়েছে। ট্রাম্পকে এ ক্ষেত্রে ব্যতিক্রম হিসেবে রাখার জন্য কংগ্রেসে তার সমর্থকেরা একটি বিল প্রস্তাব করেছেন, যা বর্তমানে অমীমাংসিত অবস্থায় রয়েছে।
আরও পড়ুন: বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলা, জাতিসংঘে ইরানের আনুষ্ঠানিক অভিযোগ
তখন বেসেন্ট বলেছিলেন, এর আগেও একজন দায়িত্বশীল মার্কিন প্রেসিডেন্টের প্রতিকৃতি দেশটির মুদ্রায় ব্যবহৃত হয়েছিল।
আপন দেশ/এনএম
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































