Apan Desh | আপন দেশ

বাংলাদেশের জাহাজ শিল্পে বিনিয়োগে আগ্রহী মারস্ক 

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১২:৫৫, ৩০ আগস্ট ২০২৬

বাংলাদেশের জাহাজ শিল্পে বিনিয়োগে আগ্রহী মারস্ক 

ছবি : আপন দেশ

বাংলাদেশের জাহাজ নির্মাণ শিল্পে সরাসরি বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় শিপিং ও লজিস্টিক প্রতিষ্ঠান মারস্ক লাইন। 

একই সঙ্গে জাহাজ পুনর্ব্যবহার শিল্পেও বিনিয়োগের সম্ভাবনা নিয়ে প্রতিষ্ঠানটির সঙ্গে সরকারের আলোচনা হয়েছে। 

রোববার (৩০ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।

এর আগে শনিবার (২৯ আগস্ট) ঢাকায় বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের বাসভবনে এক বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয়। 

বৈঠকে বাংলাদেশে নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিক্স মোলার এবং এপি মোলার সিঙ্গাপুর পিটিই লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রেনে পিল পেডারসেন অংশ নেন। মারস্ক লাইনের মূল প্রতিষ্ঠান ডেনমার্কভিত্তিক এপি মোলার। 

বৈঠকে ডেনমার্কের রাষ্ট্রদূত জানান, মারস্ক লাইন বাংলাদেশে জাহাজ নির্মাণ শিল্পে সরাসরি বিনিয়োগ করতে আগ্রহী। এ পরিপ্রেক্ষিতে বাণিজ্যমন্ত্রী জাহাজ নির্মাণের পাশাপাশি জাহাজ পুনর্ব্যবহার শিল্পেও মারস্ককে বিনিয়োগ সম্প্রসারণের আহ্বান জানান।

বাণিজ্যমন্ত্রী বলেন, মারস্ক লাইনের বিশ্বজুড়ে বিপুলসংখ্যক বড় আকারের জাহাজ রয়েছে। ফলে প্রতিষ্ঠানটির ব্যবহৃত পুরোনো জাহাজ পরিবেশসম্মত ও আন্তর্জাতিক মানে পুনর্ব্যবহারের পাশাপাশি নতুন জাহাজ নির্মাণের ক্ষেত্রেও বাংলাদেশ সম্ভাবনাময় কেন্দ্র হয়ে উঠতে পারে।

আরও পড়ুন: মালয়েশিয়া ৬ মাসে দুই লাখ শ্রমিক নেবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (এফটিএ) মো. ফিরোজ উদ্দিন, যুগ্ম সচিব (এফটিএ-২) মাহবুবা খাতুন মিনু, শিল্প মন্ত্রণালয়ের যুগ্ম সচিব খায়রুজ্জামান, এপি মোলার মারস্ক গ্রুপের ভারত, বাংলাদেশ ও শ্রীলঙ্কার ব্যবসা উন্নয়ন, পাবলিক পলিসি ও রেগুলেটরি অ্যাফেয়ার্সের প্রধান বিবেক শর্মা, মারস্ক বাংলাদেশ লিমিটেডের কান্ট্রি ডিরেক্টর (পাবলিক অ্যাফেয়ার্স) খালিদ মুস্তাফিজ গাফফার এবং রয়েল ডেনিশ দূতাবাসের বাণিজ্য, বিনিয়োগ ও ডানিডা বিজনেসবিষয়ক সিনিয়র উপদেষ্টা সামিনা আহসান শাহরুখ উপস্থিত ছিলেন। 

আপনদেশ/মিম/এনএম
 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়