ফাইল ছবি
চলতি বছরের জুন মাসের প্রথম ছয় দিনে দেশে ৬৮ কোটি ৩৩ লাখ ৭০ হাজার মার্কিন ডলার সমপরিমাণ রেমিট্যান্স এসেছে। তবে গত বছরের একই সময়ের তুলনায় এ প্রবাহ ২০ দশমিক ৭৮ শতাংশ কমেছে।
রোববার (০৭ জুন) বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ১ জুন থেকে ৬ জুন পর্যন্ত প্রবাসীরা দেশে ৬৮ কোটি ৩৩ লাখ ৭০ হাজার ডলার পাঠিয়েছেন।
অন্যদিকে, ২০২৫ সালের একই সময়ে দেশে এসেছিল ৮৬ কোটি ২৫ লাখ ৯০ হাজার ডলার। ফলে এক বছরের ব্যবধানে জুনের প্রথম ছয় দিনে রেমিট্যান্স কমেছে ১৭ কোটি ৯২ লাখ ২০ হাজার ডলার।
খাতসংশ্লিষ্টদের মতে, গত দুই বছরেরও বেশি সময়ের মধ্যে মাসের শুরুতে এবারই প্রথম রেমিট্যান্সে ঋণাত্মক প্রবৃদ্ধি দেখা গেল।
তারা বলছেন, সাধারণত ঈদের আগে প্রবাসীরা পরিবার-পরিজনের জন্য বেশি অর্থ পাঠান। ফলে ঈদের পরবর্তী সময়ে রেমিট্যান্স প্রবাহ কিছুটা ধীর হয়ে যায়। জুনের প্রথম সপ্তাহে রেমিট্যান্স কমে যাওয়ার পেছনে ‘ঈদ-পরবর্তী’ প্রভাব কাজ করতে পারে বলে ধারণা করা হচ্ছে।
তবে মাসের শুরুতে প্রবাহ কমলেও পুরো অর্থবছরের চিত্র ভিন্ন। চলতি অর্থবছরের ১১ মাস ৬ দিনে, অর্থাৎ ২০২৫ সালের জুলাই থেকে ২০২৬ সালের ৬ জুন পর্যন্ত দেশে মোট রেমিট্যান্স এসেছে ৩ হাজার ৩৪৪ কোটি ১ লাখ ৭০ হাজার ডলার।
গত অর্থবছরের একই সময়ে এ পরিমাণ ছিল ২ হাজার ৮৩৬ কোটি ৮৮ লাখ ৯০ হাজার ডলার। সে হিসাবে অর্থবছরের ভিত্তিতে রেমিট্যান্স বেড়েছে ১৭ দশমিক ৮৮ শতাংশ।
আরও পড়ুন <<>> তিন হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিম চালু
ব্যাংকারদের মতে, বিভিন্ন উৎসব, ছুটি কিংবা বিশেষ সময়কে কেন্দ্র করে রেমিট্যান্স প্রবাহে সাময়িক ওঠানামা স্বাভাবিক। তবে সামগ্রিকভাবে চলতি অর্থবছরের প্রবৃদ্ধি দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভকে শক্তিশালী করতে ইতিবাচক ভূমিকা রাখছে।
তাদের মতে, বৈধ পথে অর্থ পাঠাতে সরকার ও বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন প্রণোদনা ও উৎসাহমূলক পদক্ষেপ দীর্ঘমেয়াদে রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































