ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনায় অনিশ্চয়তা এবং সুদের হার বাড়ার আশঙ্কার প্রভাবে বিশ্ববাজারে স্বর্ণের দাম কমেছে শুক্রবার (০৫ জুন)।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্সের তথ্যানুযায়ী, স্পট স্বর্ণের মূল্য শূন্য দশমিক ৫ শতাংশ হ্রাস পেয়ে প্রতি আউন্স ৪,৪৫২ দশমিক ২০ ডলারে নেমে এসেছে। এ নিয়ে সপ্তাহজুড়ে মোট পতন দাঁড়িয়েছে প্রায় ১ দশমিক ৮ শতাংশ।
এ ছাড়া আগস্ট ডেলিভারির জন্য যুক্তরাষ্ট্রের স্বর্ণ ফিউচার শূন্য দশমিক ৬ শতাংশ কমে ৪,৪৭৮ হাজার ৫০ ডলারে নেমে এসেছে।
এবিসি রিফাইনারির গ্লোবাল হেড অব ইনস্টিটিউশনাল মার্কেটস নিকোলাস ফ্র্যাপেল বলেন, ‘ইরান ইস্যুর সমাধান নিয়ে অনিশ্চয়তা স্বর্ণের বাজারে নেতিবাচক প্রভাব ফেলছে। পাশাপাশি সুদের হার আরও কঠোর হওয়ার প্রত্যাশাও মূল্যবান ধাতুটির ওপর বাড়তি চাপ সৃষ্টি করছে।’
স্বর্ণ সাধারণত মুদ্রাস্ফীতির বিরুদ্ধে একটি নিরাপদ বিনিয়োগ হিসেবে বিবেচিত হয়। তবে সুদের হার বেশি থাকলে সুদবিহীন এ ধাতুর আকর্ষণ তুলনামূলকভাবে কমে যায়।
সিএমই গ্রুপের ফেডওয়াচ টুল অনুযায়ী, চলতি বছরের শেষ নাগাদ ফেডারেল রিজার্ভের সুদের হার বাড়ানোর সম্ভাবনা বাজারে ৫১ শতাংশ হিসেবে মূল্যায়ন করা হচ্ছে। এ অবস্থায় বিনিয়োগকারীদের নজর এখন যুক্তরাষ্ট্রের মে মাসের নন-ফার্ম পেরোলস (NFP) তথ্যের দিকে, যা ফেডের ভবিষ্যৎ মুদ্রানীতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
এদিকে, রুপার দাম ১ দশমিক ৪ শতাংশ কমে আউন্সপ্রতি ৭২ দশমিক ৮৯ ডলারে নেমেছে। একই সময়ে প্লাটিনামের মূল্য ১ দশমিক ১ শতাংশ হ্রাস পেয়ে ১ হাজার ৮৭৮ দশমিক ৬৮ ডলার এবং প্যালাডিয়ামের দাম ১ দশমিক ৭ শতাংশ কমে ১ হাজার ২৯৮ দশমিক ৪৫ ডলারে দাঁড়িয়েছে।
এতে সপ্তাহের শেষে প্রায় সব ধরনের মূল্যবান ধাতুই ক্ষতির মুখে পড়েছে। ফলে পুরো সপ্তাহজুড়েই ধাতব বাজারে দরপতনের প্রবণতা লক্ষ্য করা গেছে।
আপন দেশ/এনএম
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































