Apan Desh | আপন দেশ

বাংলাদেশকে বাজেট সহায়তা দিবে এআইআইবি

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৭:৫৪, ৪ এপ্রিল ২০২৬

আপডেট: ১৯:০৫, ৪ এপ্রিল ২০২৬

বাংলাদেশকে বাজেট সহায়তা দিবে এআইআইবি

ছবি: আপন দেশ

বাংলাদেশকে বাজেট সহায়তা দিতে সম্মত হয়েছে এশীয় ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক (এআইআইবি)। পাশাপাশি বিনিয়োগ বাড়ানো ও বন্ধ কলকারখানা চালুর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগ নিচ্ছে সরকার।

শনিবার (০৪ এপ্রিল) রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বেসরকারি খাত ও উপদেষ্টা পরিষদের সঙ্গে বৈঠক শেষে এসব তথ্য জানান অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।

আমীর খসরু মাহমুদ চৌধুরী জানান, বৈশ্বিক পরিস্থিতিতে জ্বালানি খাতে যে চাপ তৈরি হয়েছে, তা কাটিয়ে উঠতে এআইআইবি বাজেট সাপোর্ট দেবে। বিশেষ করে জলবায়ু সহনশীল ও পরিবেশবান্ধব প্রকল্পে তারা বিনিয়োগ করবে। সৌর বিদ্যুৎ উৎপাদন বাড়ানো এবং ইলেকট্রিক ভেহিকল খাতে অর্থায়নের ওপর গুরুত্ব দেয়া হচ্ছে। সরকারের লক্ষ্য, মোট বিদ্যুতের ২০-৩০ শতাংশ সৌর শক্তি থেকে উৎপাদন করা।

আরও পড়ুন <<>> ব্যাংক লেনদেনের নতুন সময়সূচি নির্ধারণ

বৈঠকে ব্যবসায়ীরা ‘কস্ট অব ডুইং বিজনেস’ ও ‘ইজ অব ডুইং বিজনেস’ সংক্রান্ত নানা প্রতিবন্ধকতার কথা তুলে ধরেন। এসময় প্রধানমন্ত্রী কিছু সমস্যার তাৎক্ষণিক সমাধান দেন এবং বাকিগুলো দ্রুত নিষ্পত্তির নির্দেশ দেন।

অর্থমন্ত্রী বলেন, সাম্প্রতিক সময়ে বন্ধ হয়ে যাওয়া মিল-কারখানা পুনরায় চালুর উদ্যোগ নেয়া হচ্ছে। এতে দ্রুত কর্মসংস্থান সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে। পুরোনো প্রকল্পগুলো সচল করেও কর্মসংস্থান বাড়ানোর পরিকল্পনা রয়েছে।

তিনি জানান, দেশীয় সম্পদ ও আন্তর্জাতিক সহায়তার সমন্বয়ে বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তবে জ্বালানির দাম বা আসন্ন বাজেটের আকার নিয়ে এখনই নির্দিষ্ট কিছু জানাননি তিনি। অর্থমন্ত্রী আশা প্রকাশ করেন, সরকার ও বেসরকারি খাতের সম্মিলিত প্রচেষ্টায় দেশের অর্থনৈতিক ও জ্বালানি সংকট দ্রুত কাটিয়ে ওঠা সম্ভব হবে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়