ফাইল ছবি
জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে দেশের ব্যাংকগুলোর জন্য নতুন সময়সূচি নির্ধারণ করা হয়েছে। এ সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। সরকারের পরিবর্তিত অফিস সময়সূচির সঙ্গে সমন্বয় করেই এ উদ্যোগ নেয়া হয়েছে বলে জানানো হয়েছে।
শনিবার (০৪ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানায় কেন্দ্রীয় ব্যাংক। নতুন সময়সূচি কার্যকর হবে রোববার (০৫ এপ্রিল) থেকে এবং পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত তা বহাল থাকবে।
নতুন নির্দেশনা অনুযায়ী, দেশের সব তফসিলি ব্যাংক নির্ধারিত সময় মেনে কার্যক্রম পরিচালনা করবে। ব্যাংকিং লেনদেন চলবে সকাল ১০টা থেকে বিকেল ৩টা ৩০ মিনিট পর্যন্ত। আর অফিস কার্যক্রম চলবে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।
তবে সমুদ্র, স্থল ও বিমানবন্দর এলাকার (পোর্ট ও কাস্টমস) ব্যাংক শাখা ও উপ-শাখাগুলো আগের মতোই সপ্তাহে ৭ দিন ২৪ ঘণ্টা খোলা থাকবে। এ ক্ষেত্রে ২০১৯ সালের ৫ আগস্ট জারি করা ‘ডিওএস সার্কুলার লেটার নং-২৪’-এর নির্দেশনা বহাল থাকবে।
আরও পড়ুন <<>> মালয়েশিয়া থেকে এলো ৩৪ হাজার টন ডিজেল
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা হয়েছে। এদিকে দেশের সরকারি ও বেসরকারি অফিসের জন্যও নতুন সময় নির্ধারণ করেছে সরকার। রোববার থেকে অফিস চলবে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।
বৃহস্পতিবার (০২ এপ্রিল) মন্ত্রিসভার বৈঠক শেষে এ তথ্য জানান নাসিমুল গনি। তিনি জানান, এখন থেকে দেশের সব শপিং মল ও দোকানপাট সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ করতে হবে। এছাড়া বিয়ে বা অন্যান্য অনুষ্ঠানে আলোকসজ্জা না করার নির্দেশনাও দেয়া হয়েছে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































