Apan Desh | আপন দেশ

এলপিজির দাম কেজিতে বাড়ল ৩২ টাকা ৩০ পয়সা

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৭:৫৩, ২ এপ্রিল ২০২৬

আপডেট: ১৭:৫৫, ২ এপ্রিল ২০২৬

এলপিজির দাম কেজিতে বাড়ল ৩২ টাকা ৩০ পয়সা

ফাইল ছবি

মধ্যপ্রাচ্যে যুদ্ধের জেরে বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতার সরাসরি প্রভাব পড়েছে বাংলাদেশেও। বিশেষ করে দেশের তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) বাজারে। রান্নার কাজে ব্যবহৃত এ এলপিজি দাম প্রতি কেজিতে ৩২ টাকা ৩০ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

এর ফলে সবচেয়ে বেশি ব্যবহৃত ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৩৪১ টাকা থেকে ৩৮৭ টাকা বেড়ে ১ হাজার ৭২৮ টাকা হয়েছে। নতুন এ দর আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে।

বৃহস্পতিবার এক আদেশে বিইআরসি জানায়, বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় করে এপ্রিল মাসের জন্য এ দর ঠিক করা হয়েছে। এর আগে ফেব্রুয়ারির শুরুতে ১২ কেজি এলপিজির দাম নির্ধারণ করা হয় ১ হাজার ৩৫৬ টাকা। এরপর এলপিজির আমদানি শুল্ক কমানোর পর ২৪ ফেব্রুয়ারি দাম সমন্বয় করে ১৫ টাকা কমিয়ে ১ হাজার ৩৪১ টাকা করা হয়।

বিইআরসি বলছে, বাজারে বিভিন্ন আকারের এলপিজি সিলিন্ডার পাওয়া যায়। এখন থেকে প্রতি কেজি এলপিজির দাম ১৪৪ টাকা ৪ পয়সা। এ হিসাবে বিভিন্ন আকারের এলপিজি সিলিন্ডারের দাম নির্ধারিত হবে। সংস্থাটি প্রতি মাসেই এলপিজির দাম নির্ধারণ করে।

আরও পড়ুন<<>> দেশে বিদ্যুতের কোনো ঘাটতি নেই: মন্ত্রী

২০২১ সালের এপ্রিল থেকে এলপিজির দাম নির্ধারণ করে আসছে বিইআরসি। তবে দেশের বাজারে সর্বত্র বিইআরসির নির্ধারিত দামে এলপিজি বিক্রি হচ্ছে না। এলপিজির ১২ কেজি সিলিন্ডার সবচেয়ে বেশি ব্যবহৃত হয় গৃহস্থালির কাজে। অভিযোগ আছে, প্রতি সিলিন্ডারে ৩০০ থেকে ৪০০ টাকা বেশি দাম নিচ্ছেন বিক্রেতারা।

বিইআরসি সিদ্ধান্ত অনুযায়ী, সরকারি কোম্পানির সরবরাহ করা এলপিজির সাড়ে ১২ কেজি সিলিন্ডারের দাম ৮২৫ টাকা অপরিবর্তিত রাখা হয়েছে। অন্যদিকে গাড়িতে ব্যবহৃত এলপিজির (অটো গ্যাস) দাম প্রতি লিটার ৭৯ টাকা ৭৭ পয়সা নির্ধারণ করা হয়েছে। এর আগে দাম ছিল ৬১ টাকা ৮৩ পয়সা।
এলপিজি তৈরির মূল উপাদান প্রোপেন ও বিউটেন বিভিন্ন দেশ থেকে আমদানি করা হয়। প্রতি মাসে এলপিজির এ দুই উপাদানের মূল্য প্রকাশ করে সৌদি আরবের প্রতিষ্ঠান আরামকো। এটি সৌদি কার্গো মূল্য (সিপি) নামে পরিচিত। বিইআরসি এ সৌদি সিপিকে ভিত্তিমূল্য ধরে দেশে এলপিজির দাম সমন্বয় করে। আমদানিকারক কোম্পানির চালান (ইনভয়েস) মূল্য থেকে গড় করে পুরো মাসের জন্য ডলারের দাম হিসাব করা হয়।

আপন দেশ/এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়