ছবি: আপন দেশ
পিরোজপুরের ভান্ডারিয়ায় বাস স্ট্যান্ডে থাকা দুটি বাসে অগ্নিসংযোগ করা হয়েছে। এতে একটি বাসে ঘুমিয়ে থাকা হেলপার নিহত হয়েছেন।
বুধবার (১৮ নভেম্বর) ভোরের দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ভান্ডারিয়া থানার ওসি দেওয়ান জগলুল হাসান।
নিহত সিয়াম (২৫) বরিশালের উজিরপুর উপজেলার ইদিলকাঠি গ্রামের বাসিন্দা কবির হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভান্ডারিয়া বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা বরিশাল মালিক সমিতির ‘বাহক’ ও ঝালকাঠি মালিক সমিতির ‘লিসা’ নামের দুটি বাসে আগুন দেয় একদল দুর্বৃত্ত।
বাসে আগুন দেখে টহলরত পুলিশ এসে আশেপাশের বাসের ভেতরে ঘুমন্ত ব্যক্তিদের জাগিয়ে সরিয়ে দেয় এবং ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
পরে বাহক নামের বাসটির ভেতর থেকে সিয়ামের মরদেহ উদ্ধার করা হয়। ফায়ার সার্ভিস মরদেহটি পুলিশের কাছে হস্তান্তর করেছে।
আরও পড়ুন <> যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলায় ফের উত্তপ্ত মধ্যপ্রাচ্য
ঘটনার সময় জয় বাংলা স্লোগান শোনা গেছে বলেও দাবি করেন স্থানীয় কয়েকজন।
জানা গেছে, লিসা গাড়ির মালিক ঝালকাঠি জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি মো. শাহ আলম সরদার এবং বাহক গাড়ির মালিক ঝালকাঠির অমিত পাল।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্বৃত্তরা তিনটি মোটরসাইকেলে গিয়ে বাস দুটিতে আগুন দিয়ে পালিয়ে যায়।
ভান্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসিবুল হাসান এবং থানার ওসি জগলুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
অন্যদিকে একই রাতে পিরোজপুরের নাজিরপুর উপজেলার চৌঠাই মহল এলাকায় সড়কের পাশে চারটি দোকানেও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
আপন দেশ/এমটিআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































