ছবি: আপন দেশ
রাজশাহী মহানগরীর কাটাখালী থানা পুলিশের পৃথক অভিযানে ১১ লাখ টাকাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
এ সময় তাদের কাছ থেকে ৩ হাজার ৭০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ১ কেজি ৩০০ গ্রাম গাঁজা, মাদক বিক্রির নগদ ১১ লাখ ৬৩ হাজার ৯৬০ টাকা ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় কুখ্যাত মাদক কারবারি মো. আবুল কালাম আজাদ (৪৪) ও মো. মানিক ইসলাম (৪৪) নামে দুইকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাজশাহী মহানগর পুলিশ (আরএমপি) গণমাধ্যম শাখার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবিরের নির্দেশনায় মহানগর পুলিশের বিশেষ মাদকবিরোধী দলের সহযোগিতায় কাটাখালী থানা পুলিশ এ অভিযান পরিচালনা করে।
পুলিশ জানায়, গত ২১ অক্টোবর রাত আনুমানিক ১০টা ৪৫ মিনিটের দিকে কাটাখালী থানা পুলিশের সহায়তায় এমাদপুর গ্রামে অভিযান চালিয়ে আবুল কালাম আজাদকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ১ কেজি ৩০০ গ্রাম গাঁজা ও গাঁজা বিক্রির ৩ হাজার ২২০ টাকা উদ্ধার করা হয়।
আরও পড়ুন<<>>সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তা নিশ্চিত করেছে সরকার: প্রতিমন্ত্রী টুকু
আবুল কালাম আজাদের দেয়া তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাত আনুমানিক ১টা ২৫ মিনিটের দিকে কাটাখালী থানা পুলিশ এমাদপুর গ্রামে মানিক ইসলামের বসতবাড়িতে অভিযান চালায়। বাড়ি তল্লাশি করে টাইলসের নিচে বিশেষ কৌশলে তৈরি গোপন স্থানে ড্রাম দিয়ে বানানো একটি গুদামে ব্যাগের ভেতর লুকিয়ে রাখা ৩ হাজার ৭০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় মাদক বিক্রির নগদ ১১ লাখ ৬৩ হাজার ৯৬০ টাকা ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়। সেখান থেকে মানিক ইসলাম নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়।
পুলিশের প্রাথমিক তথ্যমতে, গ্রেফতার মানিক ইসলাম দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে মাদক ব্যবসা করছিল। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনসহ বিভিন্ন আইনে একাধিক মামলা রয়েছে। এর মধ্যে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানায়, রাজশাহীর বাঘা থানায়, বোয়ালিয়া থানায় এবং মতিহার থানায় একাধিক মাদক মামলা রয়েছে। এ ছাড়া কাটাখালী ও মতিহার থানায় তার বিরুদ্ধে পেনাল কোড ও অস্ত্র আইনে মামলার তথ্যও রয়েছে।
এ ঘটনায় গ্রেফতার দুজনের বিরুদ্ধে কাটাখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা করা হয়েছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































