Apan Desh | আপন দেশ

চেক জালিয়াতির মামলায় আইনজীবী কারাগারে

লক্ষ্মীপুর প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৯:৪৮, ১১ অক্টোবর ২০২৬

চেক জালিয়াতির মামলায় আইনজীবী কারাগারে

ছবি : সংগৃহীত

চেক চুরি ও স্বাক্ষর জালিয়াতির অভিযোগে দায়েরকৃত মামলায় লক্ষ্মীপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবির হাওলাদারকে কারাগারে পাঠিয়েছে আদালত।

রোববার (১১অক্টোবর) দুপুরে অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট রেজাউল হক এ আদেশ দেন।  বিষয়টি নিশ্চিত করেছেন বাদী পক্ষের আইনজীবী মো. ফিরোজ আলম,ভুক্তভোগী মরিয়ম বেগম, রায়পুর উপজেলার, উদমারা গ্রামের ইউসুফ আলীর স্ত্রী।

আইনজীবী ও মামলার এজাহার সূত্রে জানা যায়, হুমায়ুন কবির হাওলাদার আত্মীয় মরিয়ম বেগমের বাড়িতে দাওয়াতে গিয়ে তার সাউথইস্ট ব্যাংক হায়দারগঞ্জ শাখায় খোলা একাউন্টের অনুকূলে একটি ইস্যুকৃত চেক চুরি করে নিয়ে যান। পরে ঐ চেকে ৩৬লক্ষ ৮১ হাজার টাকা উল্লেখ করে তিনি নিজেই মরিয়ম বেগমের স্বাক্ষর দিয়ে টাকা উত্তোলনের জন্য ব্যাংকে পাঠান। সন্দেহ ও স্বাক্ষরে অমিল দেখে গ্রাহককে অবগত করেন ব্যাংক কর্তৃপক্ষ। এ বিষয়ে মরিয়মের স্বামী ইউসুফ আলী বাদী হয়ে হুমায়ুন করির হাওলাদার ও আব্দুস শহীদকে বিবাদী করে আদালতে একটি মামলা দায়ের করেন। যার মামলা নং-৪৮১/২৫ইং। তদন্তের জন্য মামলাটি এএসপি লক্ষ্মীপুরকে দায়িত্ব প্রদান করেন আদালত। দীর্ঘ তদন্ত ও সিআইডির বৈজ্ঞানিক পরীক্ষায় প্রমাণিত হয় চেকে দেয়া স্বাক্ষর গ্রাহক মরিয়ম বেগমের নয় তা হুমায়ুন কবির হাওলাদারের। 

আরও পড়ুন<<>>অবরোধ প্রত্যাহার, সাজেক ছাড়লেন হাজারো পর্যটক

পরে আদালত বিবাদীদের প্রতি গ্রেফতারী পরোয়ানা জারি করেন। রোববার হুমায়ুন কবির হাওলাদার আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে উভয় পক্ষের দীর্ঘ শুনানি শেষ আদালত অ্যাডভোকেট হুমায়ুন কবির হাওলাদারকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। এ মামলার অপর আসামি পলাতক আছেন। এ সময় বাদী পক্ষের শুনানি করেন সিনিয়র আইনজীবী মো. ফিরোজ আলম। বিবাদী পক্ষে আইনজীবী সমিতির সভাপতি মনিরুল ইসলাম হাওলাদার, সিনিয়র আইনজীবী মো. হাসান, মিজানুর রহমান মুন্সী প্রমুখ।
বিষয়টি নিশ্চিত করে লক্ষ্মীপুর আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মনিরুল ইসলাম হাওলাদার বলেন, বিজ্ঞ আদালত বারের সভাপতি হিসেবে বিষয়টি সমঝোতা করার জন্য আমাকে দায়িত্ব প্রদান করেন। আমরা ৭দিনের সময় চেয়েছি কিন্তু বাদী পক্ষ তাৎক্ষণিক প্রতিকার চাওয়ায় আর সমঝোতা হয়নি।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়