ফাইল ছবি, আপন দেশ
পিকআপ ভ্যান থেকে রামদা নিয়ে এসে কয়েকজন মিলে হাফিজুর রহমান নামের এক সাংবাদিকের উপর হামলা চালায়। এতে তিনি আহত হোন।
রোববার (১১ অক্টোবর) ভোররাত ৩টার দিকে সরিষাবাড়ীর সিঙ্গুয়া এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন সরিষাবাড়ী থানার ওসি ইকবাল হোসেন।
আহত মোহাম্মদ হাফিজুর রহমান ধনবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক। তিনি আমার দেশ পত্রিকা ও এনটিভির উপজেলা সংবাদদাতা। রাতে কাজ শেষ করে ধনবাড়ী থেকে সরিষাবাড়ীতে বাসায় ফিরছিলেন তিনি।
সাংবাদিক হাফিজুর রহমান বলেন, কাজ শেষে রাত ১১টার দিকে আমি সরিষাবাড়ীর দিকে রওনা হই। পথে মোটরসাইকেল নষ্ট হয়। বাইক মেরামত করে সরিষাবাড়ীর দিকে আসতে আসতে রাত প্রায় ৩টা বেজে যায়।
আরও পড়ুন<<>>মাদক বিক্রি নিয়ে দ্বন্দ্বে দফায়-দফায় সংঘর্ষ, বোমা বিস্ফোরণ
সরিষাবাড়ীর সিঙ্গুয়া এলাকায় পৌঁছালে সামনে একটি পিকআপ ভ্যান দেখতে পাই। হর্ন দিয়ে সাইড চাচ্ছিলাম। কিন্তু সাইড না দিয়ে পিকআপ থেকে পাঁচ-ছয়জন রামদা নিয়ে নেমে আসেন, যোগ করেন তিনি।
হাফিজুর আরও বলেন, তারা প্রথমে আমার বাইকে কোপাতে থাকে। তারপর আমার বাঁ হাতে কোপ দেয়। ডাকাত ডাকাত বলে চিৎকার করলে তারা আমাকে ফেলে রেখে পালিয়ে যায়। এরপর এলাকাবাসী এসে আমাকে উদ্ধার করেন। পরে সরিষাবাড়ী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
স্থানীয় বাসিন্দা এম এ রউফ বলেন, তার চিৎকার শুনে আমরা ছুটে আসি, এসে দেখি আহত অবস্থায় পড়ে আছেন। পরে পুলিশকে খবর দেয়া হয়। কে বা কারা আক্রমণ করেছে, তা জানি না।
এ বিষয়ে ধনবাড়ী প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম স্বপন বলেন, এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা। আমরা এর নিন্দা ও প্রতিবাদ জানাই এবং হামলার সঠিক তদন্ত চাই। দোষীদের শনাক্ত করে শাস্তির আওতায় আনার দাবি জানাচ্ছি।
ওসি ইকবাল হোসেন বলেন, বিষয়টি আমরা তদন্ত করে দেখছি।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































