Apan Desh | আপন দেশ

মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর মামলার আসামির বিরুদ্ধে জমি দখলের অভিযোগ 

নোয়াখালী প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১২:০৬, ৩ অক্টোবর ২০২৬

আপডেট: ১২:০৮, ৩ অক্টোবর ২০২৬

মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর মামলার আসামির বিরুদ্ধে জমি দখলের অভিযোগ 

ছবি: আপন দেশ

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর মামলার প্রধান পরিকল্পনাকারী কারাগারে আটক মাওলানা শাহরিয়ার মাহমুদের বিরুদ্ধে জমি জবরদখলের অভিযোগ উঠেছে। 

শনিবার (০৩ অক্টোবর) সকালে নোয়াখালী সদরের সালেহপুর মাদ্রাসা ও মসজিদ প্রাঙ্গণে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করা হয়। সেখানে স্থানীয় সর্বস্তরের জনগণ ও মুসল্লিরা এ ভূমিদস্যুতার বিরুদ্ধে প্রতিবাদ ও বিক্ষোভ প্রদর্শন করেন। 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানানো হয়, বিতর্কিত মাওলানা শাহরিয়ার মাহমুদ নোয়াখালী সদরের দক্ষিণ সালেহপুর গ্রামে অবস্থিত তিনটি প্রধান ধর্মীয় প্রতিষ্ঠানের কোটি কোটি টাকার ওয়াকফ সম্পত্তি বেআইনিভাবে দখল করে রেখেছেন।

প্রতিষ্ঠানগুলো হলো, দক্ষিণ সালেহপুর জামে মসজিদ ওয়াকফ এস্টেট (ইসি নং-২২৫০৩)। দারুল উলুম হামিদিয়া মাদ্রাসা ওয়াকফ এস্টেট (ইসি নং-২২৭৫১) এবং দক্ষিণ সালেহপুর হামিদুলিয়া ফোরকানিয়া মাদ্রাসা ওয়াকফ এস্টেট (ইসি নং-২২৪২৯)।

আরও পড়ুন<<>>ছাত্রলীগ নেতাকে ছেলেকে দেখতে গিয়ে গ্রেফতার বাবা

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, আদালতের স্থগিতাদেশ এবং ওয়াকফ প্রশাসনের কোনো তোয়াক্কা না করে শাহরিয়ার মাহমুদ ওয়াকফ এস্টেট ও সাধারণ মানুষের সম্পত্তি দখল করে অবৈধভাবে ঘরবাড়ি, টয়লেট ও স্থায়ী স্থাপনা নির্মাণ করেছেন। একইভাবে সরকারি নির্দেশ অমান্য করে এবং অকার্যকর কমিটির দোহাই দিয়ে ভুয়া রশিদ বইয়ের মাধ্যমে দীর্ঘদিন ধরে অর্থ উত্তোলন ও সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা চালিয়ে আসছেন তিনি। সরকারি তদন্ত দল সরেজমিনে তদন্ত শেষে অভিযোগের সত্যতা পেলেও অদৃশ্য ক্ষমতার বলে এতদিন তার বিরুদ্ধে কোনো কঠোর আইনি ব্যবস্থা নেয়া হয়নি।

সংবাদ সম্মেলনে বক্তারা আরও বলেন, সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর মামলায় গ্রেফতার হয়ে শাহরিয়ার মাহমুদ জেলে যাওয়ার পর এলাকার ভুক্তভোগীরা প্রকাশ্যে মুখ খুলতে শুরু করেছেন। তাদের দাবি, শাহরিয়ার মাহমুদ বর্তমানে কারান্তরীণ থাকা অবস্থায়ই যেন তার এ দীর্ঘদিনের দখলদারিত্ব  অবসান ঘটিয়ে ওয়াকফ এস্টেটের বেহাত হওয়া জমি উদ্ধার করা হোক। তাকে ভূমিদস্যুতার অপরাধেও যথাযথ আইনি আওতায় এনে কঠোর শাস্তি প্রদান করা হোক।

সংবাদ সম্মেলনে দক্ষিণ সালেহপুর গ্রামের স্থানীয় বাসিন্দা আবুল খায়ের, শাহাদাত হোসেন শিপন, মো. মানিক, মো. রুহুল আমিন, রায়হান খান নান্টুসহ বিভিন্ন স্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গ, মসজিদের মুসল্লি ও বিপুলসংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। 

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়