ছবি: আপন দেশ
রাজশাহী রেলওয়ে স্টেশনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগকে কেন্দ্র করে রাতভর উত্তেজনা বিরাজ করে।
এ ঘটনার প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রেললাইন অবরোধ করে আগুন জ্বালান এবং পরে স্টেশন কার্যালয়ে ভাঙচুর করেন। এ ঘটনায় রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) চার সদস্যকে সাময়িক বরখাস্ত করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।
রোববার (২০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে স্টেশনে মারধরের শিকার হন আইয়ুব আলী নামের ওই শিক্ষার্থী। তিনি রাবির ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
বিশ্ববিদ্যালয় সূত্রের দাবি, চাচাকে স্টেশন থেকে নিতে যান আেইয়ুব আলী। এসময় সেখানে কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে আনসার সদস্যদের বাগ্বিতণ্ডা দেখে তিনি ওই ঘটনার প্রতিবাদ করলে তাকে মারধর করা হয়।
ঘটনার প্রতিবাদে রাত ১১টার দিকে বিশ্ববিদ্যালয়সংলগ্ন স্টেশন বাজার এলাকায় রেললাইনে আগুন জ্বালিয়ে অবরোধ শুরু করেন শিক্ষার্থীরা। রাত পৌনে ১২টার দিকে একদল শিক্ষার্থী স্টেশন কার্যালয়ে গিয়ে জানালার কাঁচ ও চেয়ার ভাঙচুর করেন। এ সময় ঢাকাগামী আন্তনগর ধূমকেতু এক্সপ্রেসও নির্ধারিত সময় রাত ১১টা ২০ মিনিটে রাজশাহী থেকে ছাড়তে পারেনি।
আরও পড়ুন<<>>নাটোর-বগুড়া মহাসড়কে ধস, দুর্ঘটনার শঙ্কা
পরে মার্চ টু রাজশাহী রেলস্টেশন কর্মসূচি ঘোষণা করে শিক্ষার্থীরা স্টেশনের দিকে রওনা হন। এতে নেতৃত্ব দেন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মার। তিনি জড়িত ব্যক্তিদের দ্রুত আটক করার দাবি জানান এবং ব্যবস্থা না নিলে ট্রেন থামানোর হুঁশিয়ারি দেন।
পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাপরিচালক আহম্মদ হোসেন মাসুম বলেন, ঘটনার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে গোয়েন্দা সংস্থা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে পাঠানো হচ্ছে। জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। একই সঙ্গে তিনি শিক্ষার্থীদের আইন হাতে তুলে না নেয়ার আহবান জানান।
এর মধ্যেই শিক্ষার্থীকে মারধরের ঘটনায় আরএনবির চার সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। রোববার রাজশাহী রেলওয়ের চিফ কমান্ড্যান্ট মোহা. আশাবুল ইসলাম স্বাক্ষরিত দফতরাদেশে তাদের বরখাস্তের কথা জানানো হয়। বরখাস্ত হওয়া সদস্যরা হলেন মো. আরিফ হোসেন, মো. রোকন উদ্দীন, মো. শফিকুল ইসলাম ও মো. শাহাদত হোসেন।
দফতরাদেশে বলা হয়েছে, রাজশাহী রেলওয়ে স্টেশনে সংঘটিত অনাকাঙ্ক্ষিত ঘটনায় জড়িত থাকার সন্দেহে তাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত তাদের কমান্ড্যান্ট (সদর)-এর কাছে নিয়মিত হাজিরা দিতে বলা হয়েছে। শিক্ষার্থীকে মারধর ও পরে স্টেশনে ভাঙচুরের ঘটনায় তদন্ত ও আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































