Apan Desh | আপন দেশ

‘এডিস মশার প্রজননস্থল ধ্বংসে সবাইকে সক্রিয় হতে হবে’

টাঙ্গাইল প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৮:০৪, ১২ সেপ্টেম্বর ২০২৬

‘এডিস মশার প্রজননস্থল ধ্বংসে সবাইকে সক্রিয় হতে হবে’

সুলতান সালাউদ্দিন টুকু, আপন দেশ

আগামী তিন মাস ডেঙ্গু পরিস্থিতির জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও গুরুত্বপূর্ণ সময়। এ সময়ে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি এডিস মশার প্রজননস্থল ধ্বংসে সবাইকে সক্রিয় ভূমিকা রাখতে হবে বলে সতর্ক করেছেন প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।

শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করেন তিনি। 

সালাউদ্দিন টুকু বলেন, ডেঙ্গু প্রতিরোধে সবচেয়ে কার্যকর পদক্ষেপগুলোর একটি হলো এডিস মশার প্রজননস্থল ধ্বংস করা। বাড়ির ছাদ, ফুলের টব, পরিত্যক্ত পাত্র, ডাবের খোসা কিংবা যেকোনো স্থানে পানি জমতে দেয়া যাবে না। নিজ নিজ বাড়ি, প্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে।

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর উদ্যোগকে সফল করতে সারা দেশে একই সঙ্গে জনসচেতনতা ও পরিচ্ছন্নতা কার্যক্রম চালিয়ে যেতে হবে। মানুষকে সচেতন করার পাশাপাশি নিজেরাও যদি যার যার জায়গা থেকে দায়িত্ব পালন করি, তাহলে এডিস মশার বিস্তার অনেকটাই নিয়ন্ত্রণ করা সম্ভব। সবাইকে সঙ্গে নিয়ে সম্মিলিতভাবে কাজ করাই ডেঙ্গু প্রতিরোধের সবচেয়ে কার্যকর পথ। 

আরও পড়ুন<<>>শেখ হাসিনা বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার

প্রধানমন্ত্রী তারেক রহমানের দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধনের পর শনিবার দুপুরে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন করেন তিনি। 

এ সময় তিনি টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল ও জেনারেল হাসপাতালের আঙিনা নিজ হাতে পরিষ্কার করেছেন। প্রতিমন্ত্রী নিজ হাতে হাসপাতালের বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করেন। একই সঙ্গে অপ্রয়োজনীয় পানি জমার স্থান পরিষ্কার এবং এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল ধ্বংসের কার্যক্রমে অংশ নেন।

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে এর আগে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি সচেতনতামূলক র‍্যালি বের করা হয়। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে র‍্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

এ সময় জেলা প্রশাসক শরীফা হক, পুলিশ সুপার শামসুল আলম সরকার, সিভিল সার্জন ডা. ফরাজী মুহাম্মদ মাহবুবুল আলম মঞ্জু, টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক মো. আব্দুল কুদ্দুছ, জেনারেল হাসপাতালের উপপরিচালক খন্দকার সাদিকুর রহমান, জেলা বিএনপির সাবেক সদস্যসচিব মাহমুদুল হক সানু, সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান খান শফিক, টাঙ্গাইল সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক আজিম উদ্দিন বিপ্লবসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়