ছবি : আপন দেশ
কয়েকদিনের টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে কাপ্তাই হ্রদের পানি অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে। এতে রাঙামাটির ঝুলন্ত সেতুর পাটাতনে পানি উঠতে শুরু করেছে। সেতু পানিতে ডুবে যাওয়ায় দর্শনার্থী চলাচলে নিষেধাজ্ঞা দিয়েছে কর্তৃপক্ষ।
শনিবার (২৯ আগস্ট) দুপুর আনুমানিক ২টার দিকে সেতুটির কোথাও ৪ ইঞ্চি কোথাও তার চেয়ে বেশি পানিতে ডুবে গেছে। এর ফলে সেতুতে দর্শনার্থী প্রবেশের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে রাঙামাটি পর্যটন করপোরেশন।
রাঙামাটি পর্যটন করপোরেশনের ব্যবস্থাপক আলোক বিকাশ চাকমা বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন<<>>কাপ্তাইয়ের পানি বিপৎসীমায়, খোলা হচ্ছে ১৬ জলকপাট
তিনি বলেন, ঝুলন্ত সেতুতে কাপ্তাই হ্রদের পানি উঠায় কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে আমরা সেতুতে পর্যটক চলাচলের ওপর নিষেধাজ্ঞা দিয়েছি। সেতু থেকে পানি না নামা পর্যন্ত এ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।
উল্লেখ্য, রাঙামাটি সদর উপজেলার তবলছড়ি এলাকায় পর্যটন করপোরেশন ১৯৮৬ সালে নয়নাভিরাম ৩৩৫ ফুট দীর্ঘ ঝুলন্ত সেতুটি নির্মাণ করেছিলো। দুই পাহাড়ের মাঝখানে দুটি পিলারের ভর করে দাঁড়িয়ে থাকা দৃষ্টিনন্দন এ সেতুটি দেখতে জলপথে ও স্থলপথে যে কোনো মাধ্যমে সহজে যাওয়া যায়।
বর্তমানে সেতুটি সিম্বল অব রাঙামাটি হিসেবে দেশবিদেশে পরিচিতি লাভ করেছে।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































