ছবি: আপন দেশ
বাবাকে শেষ বিদায় জানিয়ে বিকেলে সম্পন্ন করেছেন দাফন। শোকের ভারে ন্যুব্জ পরিবারকে সময় দেয়ারও সুযোগ মেলেনি। রাত নামতেই হাতে বই নিয়ে ছুটতে হয়েছে এটিএম বুথের রাতের ডিউটিতে। কারণ সংসারের দায়ও তার কাঁধে। আর ঠিক পরদিন সকালেই অংশ নিতে হচ্ছে উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষায়। একদিকে বাবাকে হারানোর অসহনীয় বেদনা, অন্যদিকে জীবিকার তাগিদ ও ভবিষ্যৎ গড়ার স্বপ্ন—এ দুইয়ের মাঝখানে দাঁড়িয়ে অনন্য এক জীবনসংগ্রামের গল্প লিখছেন বাগেরহাটের এইচএসসি পরীক্ষার্থী ইকন।
এমন একটা সংবাদ প্রকাশ হলে দ্রুতই তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। সংবাদ প্রকাশের পর বাগেরহাটের সংগ্রামী এইচএসসি পরীক্ষার্থী ইকনের পাশে দাঁড়াতে দেশ-বিদেশের অসংখ্য হৃদয়বান মানুষ সাহায্যের হাত বাড়িয়ে দেয়। তার লেখাপড়া অব্যাহত রাখা এবং পরিবারের দুর্দিনে সহায়তার জন্য বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান আর্থিক সহযোগিতার আগ্রহ প্রকাশ করেছেন।
এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল ১১টায় বাগেরহাট জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক গোলাম মো. বাতেন ইকনের হাতে নগদ আর্থিক সহায়তা তুলে দেন। একইসঙ্গে বাগেরহাট সদর উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও নগদ অর্থ, খাদ্যসামগ্রীসহ প্রয়োজনীয় সব ধরনের সহায়তা প্রদানের আশ্বাস দেয়া হয়।
আরও পড়ুন<<>>বিকেলে বাবার দাফন, রাতে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা ছিল তার
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেজবাউদ্দিন, বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা. আতিয়া খাতুন এবং ইকনের বড় মামা বাবু।
উল্লেখ্য, বাবার দাফন সম্পন্ন করে সেদিন রাতেই জীবিকার তাগিদে বাংলাদেশ কৃষি ব্যাংকের এটিএম বুথে দায়িত্ব পালন। পরদিন সকালে এইচএসসি পরীক্ষায় অংশ নেয়া ইকনের সংগ্রামী জীবনের খবর প্রকাশের পর ব্যাপক আলোড়নের সৃষ্টি হয়। এরপর থেকেই সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তার পাশে দাঁড়ানোর উদ্যোগ নেন।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































