Apan Desh | আপন দেশ

ওষুধ আনতে গিয়ে গৃহবধূ নিখোঁজ

দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ২১:৪২, ২৩ জুলাই ২০২৬

ওষুধ আনতে গিয়ে গৃহবধূ নিখোঁজ

ফাইল ছবি, আপন দেশ

জামালপুরের দেওয়ানগঞ্জে ৩ মাস বয়সী শিশুপুত্রকে নানির কোলে রেখে ওষুধ আনতে বের হয়ে নিখোঁজ হয়েছেন মোছা. নূপুর (২২) নামে এক গৃহবধূ।

বুধবার (২২ জুলাই) বিকেলে পৌর শহরের ডালবাড়ী এলাকার বিসমিল্লাহ জেনারেল হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিখোঁজ গৃহবধূর স্বামী মনোয়ার বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে দেওয়ানগঞ্জ মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

জিডি সূত্রে জানা যায়, প্রায় সাড়ে তিন বছর আগে ইসলামপুর উপজেলার পশ্চিম বেলগাছা গ্রামের মৃত নয়া মিয়ার মেয়ে মোছা. নূপুরের সঙ্গে বিয়ে হয় দেওয়ানগঞ্জ পৌরসভার চর ভবসুর পূর্বপাড়া এলাকার মনোয়ারের। তিন মাস আগে তাদের সিজারের মাধ্যমে দ্বিতীয় পুত্রসন্তান জন্মগ্রহণ করে। 

আরও পড়ুন<<>>ফেসবুক ‘গুজবে’ ফিলিং স্টেশনে ভিড়

স্বামী মনোয়ার ঢাকায় একটি গার্মেন্টসে চাকরি করেন। ঘটনার দিন তিনি ঢাকায় অবস্থান করছিলেন। বুধবার বেলা আনুমানিক ৩টার দিকে তার নানি রাবেয়া খাতুন (৭০) নূপুরকে সঙ্গে নিয়ে বিসমিল্লাহ জেনারেল হাসপাতালে ড্রেসিং করাতে যান।

হাসপাতালে থাকা অবস্থায় নূপুর ওষুধ কেনার কথা বলে তার ৩ মাস বয়সী শিশুপুত্র রোহানকে নানির কোলে রেখে বাইরে বের হন। কিন্তু এরপর আর হাসপাতালে ফিরে আসেননি তিনি। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও নূপুর ফিরে না আসায় নানি ও আশপাশের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। পরে খবর পেয়ে স্বামী মনোয়ারও এসে শ্বশুরবাড়ি, আত্মীয়স্বজনসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ করেন। তবে এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

নিখোঁজ নূপুরের স্বজনরা জানান, তিনি নিখোঁজ হওয়ার পর থেকে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করছেন। তবে তার সন্ধান না পাওয়ায় উদ্বেগ ও উৎকণ্ঠায় রয়েছেন পরিবারের সদস্যরা। 

দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি আনোয়ার হোসেন বলেন, গৃহবধূ নিখোঁজের ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। 

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়