ছবি: আপন দেশ
নওগাঁর মান্দা উপজেলার ৯ নং তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম মোখলেসুর রহমান (কামরুল) দেশের শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
স্বাস্থ্যসেবা, নারী ও শিশু কল্যাণ, পরিবার পরিকল্পনা বাস্তবায়নসহ সাতটি মূল্যায়ন সূচকে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে শ্রেষ্ঠ চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করা হয়।
বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ উপলক্ষে রোববার (১২ জুলাই) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত জাতীয় অনুষ্ঠানে বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তার হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদ তুলে দেন। অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং পরিবার পরিকল্পনা অধিদফতরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নারী ও শিশু স্বাস্থ্যসেবা, পরিবার পরিকল্পনা, জনসংখ্যা নিয়ন্ত্রণ, স্বাস্থ্যসেবা সম্প্রসারণ, মাতৃস্বাস্থ্য, প্রজনন স্বাস্থ্য এবং জনসচেতনতা—এ সাতটি মূল্যায়ন সূচকে উল্লেখযোগ্য সাফল্যের ভিত্তিতে তাকে এ সম্মাননা প্রদান করা হয়।
আরও পড়ুন<<>>দুর্গম সীমান্তে বানভাসি মানুষের পাশে বিজিবি
সম্মাননা প্রাপ্তির পর চেয়ারম্যান এসএম মোখলেসুর রহমান বলেন, এ অর্জন তেঁতুলিয়া ইউনিয়নের সর্বস্তরের মানুষের। তাদের সহযোগিতা ও ভালোবাসা ছাড়া এ স্বীকৃতি অর্জন সম্ভব হতো না। ভবিষ্যতেও জনগণের কল্যাণে সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করে যাব।
চেয়ারম্যানের এ অর্জনে তেঁতুলিয়া ইউনিয়নসহ মান্দা উপজেলায় আনন্দের পরিবেশ বিরাজ করছে। স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সাধারণ মানুষ তাকে অভিনন্দন জানিয়েছে।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































