ছবি: আপন দেশ
গাজীপুরের শ্রীপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পর্যায়ের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধীজনদের সঙ্গে মতবিনিময় সভা হয়েছে। মঙ্গলবার (১৬ জুন) শ্রীপুর উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভাটি আয়োজিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলার নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. নূরুল করিম ভূঁইয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. নাহিদ ভূঞা।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো নূরুল করিম ভূঁইয়া সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন।
তিনি বলেন, সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে। কোনো সাধারণ মানুষ যেন সরকারি দফতরে এসে হয়রানির শিকার না হন, তা নিশ্চিত করা আমাদের দায়িত্ব। শ্রীপুর উপজেলাকে একটি আদর্শ ও মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে হলে সকলকে সততা, নিষ্ঠা এবং পেশাদারিত্বের সঙ্গে কাজ করতে হবে।
তিনি উপজেলার সার্বিক উন্নয়ন, আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং ভূমি সেবাসহ অন্যান্য নাগরিক সেবা আরও দ্রুত ও স্বচ্ছ করার বিষয়ে বিশেষ জোর দেন।
স্থানীয় সমস্যা ও উন্নয়ন প্রকল্পের পর্যালোচনা মতবিনিময় সভায় উপজেলার চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্পসমূহের বর্তমান অগ্রগতি এবং স্থানীয় নানা সমস্যার কথা বিস্তারিতভাবে তুলে ধরেন উপস্থিত বক্তারা। উপজেলার যোগাযোগ ব্যবস্থা, মাদক নিয়ন্ত্রণ, পরিবেশ দূষণ রোধ এবং বাজার মনিটরিংয়ের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচনায় উঠে আসে।
জেলা প্রশাসক সকলের বক্তব্য শোনেন এবং বিদ্যমান সমস্যাগুলো দ্রুত ও কার্যকরভাবে সমাধানের জন্য সংশ্লিষ্ট দফতরের কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। একই সঙ্গে তিনি যেকোনো অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণের ঘোষণা দেন।
সভাপতির বক্তব্যে শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. নাহিদ ভূঞা নবাগত জেলা প্রশাসক মহোদয়কে শ্রীপুর উপজেলায় উষ্ণ স্বাগত ও অভিনন্দন জানান। তিনি জেলা প্রশাসকের দিকনির্দেশনা বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়ে বলেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাঠ পর্যায়ে সর্বোচ্চ সততা ও শতভাগ আন্তরিকতার সঙ্গে কাজ করা হবে। উপজেলার সুষম উন্নয়ন ও আইন-শৃঙ্খলা রক্ষায় মাঠ প্রশাসন সর্বদা তৎপর রয়েছে বলেও তিনি জানান।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































