Apan Desh | আপন দেশ

আদালতে আত্মসমর্পণ মুফতি আমির হামজার

সিরাজগঞ্জ প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৪:৫১, ১৪ জুন ২০২৬

আপডেট: ১৪:৫২, ১৪ জুন ২০২৬

আদালতে আত্মসমর্পণ মুফতি আমির হামজার

ফাইল ছবি

মানহানি মামলায় সিরাজগঞ্জ আদালতে আত্মসমর্পণ করেছেন কুষ্টিয়া-৩ (সদর) আসনের এমপি মুফতি আমির হামজা। রোববার (১৪ জুন) দুপুরে আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন এ জামায়াত নেতা। 

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুকে নিয়ে কটূক্তির অভিযোগে এ মানহানি মামলা দায়ের করা হয়। 

সিরাজগঞ্জ জেলা জজ আদালতের আইনজীবী অ্যাডভোকেট আমিনুল ইসলাম মল্লিক জানান, মুফতি আমির হামজা হাইকোর্ট থেকে আগাম জামিন নিয়েছেন। রোববার দুপুরে আদালতে হাজির হয়ে জামিন চান। এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত আদালত নেবেন।

সিরাজগঞ্জ জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক জাহিদুল ইসলামও জানান, আমির হামজা এমপি দুপুরে আত্মসমর্পণের জন্য আদালতে উপস্থিত হন।

আরও পড়ুন<<>>খুলনায় মসজিদে ঢুকে গুলি, গুলিবিদ্ধ ২

এর আগে বিদ্যুৎমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে ‘নাস্তিক’ ও ‘ইসলামবিদ্বেষী’ আখ্যা দেয়ার অভিযোগে গত ০২ এপ্রিল আমির হামজার বিরুদ্ধে মানহানির মামলা করা হয়। একই দিন আদালত তাকে সমন জারি করে ২১ এপ্রিল হাজির হওয়ার নির্দেশ দেন।

নির্ধারিত তারিখে আদালতে উপস্থিত না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। পরবর্তীতে হাজির না হওয়ায় গত ১৭ মে সিরাজগঞ্জ অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সুমন কর্মকার তার বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেন।

মামলাটি বিদ্যুৎমন্ত্রীর সম্মানহানির অভিযোগে দায়ের করা হয়। আদালতের নির্দেশনা অনুযায়ী হাজিরা না দেয়ায় বিষয়টি আইনি প্রক্রিয়ায় অগ্রসর হয়। এখন আত্মসমর্পণ ও জামিন আবেদন নিয়ে আদালতের সিদ্ধান্তের দিকে নজর রয়েছে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়