Apan Desh | আপন দেশ

ছাত্রদল নেতার বাড়িতে মাদক করবারিদের হামলা

নোয়াখালী প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৬:৫৮, ৯ জুন ২০২৬

ছাত্রদল নেতার বাড়িতে মাদক করবারিদের হামলা

ছবি: আপন দেশ

নোয়াখালীর সদর উপজেলায় মাদকবিরোধী সমাবেশের আয়োজনকে কেন্দ্র করে এক ছাত্রদল নেতার বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট করা হয়েছে। এ ঘটনায় স্থানীয় এক যুবদল নেতাসহ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবার। তাদের দাবি, অভিযুক্তরা মাদক কারবারের সঙ্গে জড়িত।

সোমবার (০৮ জুন) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার অশ্বদিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের অলিপুর গ্রামের বড় বাড়িতে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী ফখরুল ইসলাম (৩২) সদর উপজেলা ছাত্রদলের সহসভাপতি এবং অশ্বদিয়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি।

ছাত্রদল নেতা ফখরুল অভিযোগ করে বলেন, শনিবার (০৬ জুন) উপজেলার ডাক্তারহাট ও বেল্লা কোটরা এলাকায় তার নেতৃত্বে একটি মাদকবিরোধী মিছিল ও সমাবেশ হয়। সেখানে তিনি মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়ে তাদের সংশোধনের আহবান জানান। অন্যথায়, আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেয়ার হুঁশিয়ারি দেন। এতে ক্ষুব্ধ হয়ে ওঠে স্থানীয় মাদক কারবারিরা। 

আরও পড়ুন<<>>উত্তাল বঙ্গোপসাগর, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

তিনি আরও জানান, সোমবার (০৮ জুন) বিকেলে তার দুবাই প্রবাসী মামা মো. ইয়াসিন সোহেল ডাক্তারহাট বাজার এলাকা থেকে মাটি কিনে বাড়ি ভরাটের কাজ করছিলেন। এ সময় মাদকবিরোধী সমাবেশের জেরে কয়েকজন সেখানে বাধা দেয়। বিষয়টি জানতে গিয়ে তিনি হামলার শিকার হন বলে দাবি করেন। তার ভাষ্য, মাদক কারবারি শরীফ উল্যাহ সুমনের নেতৃত্বে কয়েকজন তাকে অস্ত্রের ভয় দেখিয়ে চাঁদা দাবি করে।

ফখরুল অভিযোগ করে আরও বলেন, রাত সাড়ে ১১টার দিকে শরীফ উল্যাহ সুমনের নেতৃত্বে রবিউল হোসেন রুবেল (৩৩), মো. জুয়েল (৩৫), মো. কালা (৩২), দুলাল ও মো. নাছিরসহ কয়েকজন তার বাড়িতে হামলা চালায়। এ সময় তার বৃদ্ধ মা-বাবাকে মারধর করা হয়। বসতঘরের জানালার গ্লাস ভাঙচুর করা হয়। একসইসঙ্গে ঘরের বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়।

ফখরুল ইসলামের মা মমতাজ বেগম অভিযোগ করে বলেন, হামলাকারীরা ঘরে ঢুকে তাকে ও তার স্বামীকে মারধর করে। ঘরের সব জানালার গ্লাস ভেঙে ফেলে। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, আমার ছেলে রাজনীতি করা কি অপরাধ হয়ে গেছে? আওয়ামী লীগের আমলেও নির্যাতিত হয়েছি, এখন বিএনপির আমলেও নির্যাতনের শিকার হচ্ছি।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন অশ্বদিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি শরীফ উল্যাহ সুমন। তিনি বলেন, ফখরুল ও রুবেলের সঙ্গে আমি যৌথভাবে মাটির ব্যবসা করি। ফখরুল আমাদের না জানিয়ে তার মামার কাছে মাটি বিক্রি করে। এ নিয়ে বাধা দিলে আমার সঙ্গে তার মারামারি হয়। পরে ফখরুল লোকজন নিয়ে প্রথমে আমার প্রজেক্টে হামলা ও ভাঙচুর চালায়। রাতে আমি তার বাড়িতে গেলে সঙ্গে থাকা কয়েকজন ছোট ছেলে ইট ছুড়ে জানালার থাই গ্লাস ভেঙে দেয়। তবে তার মা-বাবাকে মারধরের কোনো ঘটনা ঘটেনি।

এ বিষয়ে সুধারাম মডেল থানার ওসি মোহাম্মদ ফখরুল ইসলাম বলেন, হামলার বিষয়টি শুনেছি। তবে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে। 

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়