ছবি: আপন দেশ
বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উপলক্ষে গাইবান্ধায় গণ উন্নয়ন কেন্দ্রের (জিইউকে) উদ্যোগে বছরব্যাপী বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। এ কর্মসূচির আওতায় জেলার বিভিন্ন এলাকায় মোট ৩ লাখ গাছের চারা রোপণ ও বিতরণ করা হবে।
শুক্রবার (৫ জুন) ফুলছড়ি উপজেলার গুণভরি দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে কর্মসূচির উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে গণউন্নয়ন কেন্দ্রের নির্বাহী পরিচালক এম. আব্দুস ছালামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) যাদব সরকার এবং অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও তথ্যপ্রযুক্তি) মো. হেদায়েতুল ইসলাম।
‘আমার সবুজ গ্রাম—প্রকৃতি থেকে অনুপ্রেরণা, জলবায়ুর জন্য, আমাদের ভবিষ্যতের জন্য’ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং জীববৈচিত্র্য সংরক্ষণে ব্যাপক বৃক্ষরোপণের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।
আরও পড়ুন <<>> গাইবান্ধায় উদ্যোক্তাদের সমস্যা-সমাধান শীর্ষক মতবিনিময় সভা
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা বলেন, পরিবেশ সুরক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে সবাইকে বেশি করে গাছ লাগানোর পাশাপাশি সেগুলোর যথাযথ পরিচর্যা নিশ্চিত করতে হবে।
অনুষ্ঠান শেষে অতিথিরা প্রতীকী বৃক্ষরোপণের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
এসময় বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































