ছবি : আপন দেশ
ভোলা সদর উপজেলায় অভিযান চালিয়েছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ অভিযানে বঙ্গোপসাগর থেকে অবৈধভাবে আহরিত ১০ হাজার ১৪০ কেজি সামুদ্রিক ইলিশ জব্দ করা হয়। যার আনুমানিক বাজারমূল্য প্রায় প্রায় ১ কোটি ১ লাখ ৪০ হাজার টাকা। জব্দকৃত ইলিশ স্থানীয় এতিমখানা,মাদরাসা,গরীব ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়েছে।
বুধবার (১৩ মে) দিনগত রাতে বিষয়টি নিশ্চিত করেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।
এর আগে,মঙ্গলবার (১২ মে) দিনগত রাতে উপজেলা শহরের পানপট্টি সংলগ্ন এলাকায় ৩টি ট্রাক থেকে এসব অবৈধ ইলিশ জব্দ করা হয়।
সাব্বির আলম সুজন বলেন, সামুদ্রিক মৎস্য সম্পদের সুষ্ঠু প্রজনন, উৎপাদন ও সংরক্ষণ নিশ্চিত করার লক্ষ্যে সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার। চলতি বছরের ১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত মোট ৫৮ দিন বাংলাদেশের সামুদ্রিক জলসীমায় মাছ ধরা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
আরও পড়ুন <<>> মান্দায় সংস্কৃতির আবহে মুখর ‘রবীন্দ্র বৈঠক’
তিনি বলেন, এ নিষেধাজ্ঞা বাস্তবায়নের অংশ হিসেবে কোস্ট গার্ড বেইস ভোলা ও মৎস্য অধিদফতরের সমন্বয়ে ভোলা সদর উপজেলার পানপট্টি বাজার সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযান চলাকালে ওই এলাকায় সন্দেহজনক ৩টি ট্রাকে তল্লাশি চালায়। সেখানে তল্লাশি চালিয়ে প্রায় ১ কোটি ১ লক্ষ ৪০ হাজার টাকা মূল্যের ১০ হাজার ১৪০ কেজি সামুদ্রিক ইলিশ মাছ জব্দ করা হয়েছে।
তিনি আরও বলেন, পরবর্তীতে জব্দকৃত মাছ ভোলা সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে স্থানীয় এতিমখানা, মাদ্রাসা, গরীব ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়েছে। মৎস্য সম্পদ রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































