ছবি: আপন দেশ
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পূর্ব বিরোধের জের ধরে আব্দুস সোবাহান (৬০) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। জানা যায়, সিঁধ কেটে ঘরে ঢুকে এ হত্যাকাণ্ড ঘটানো হয়।
রোববার (১০ মে) গভীর রাতে উপজেলার লাহিড়ী মোহনপুর ইউনিয়নের দত্তপাড়া এলংজানি গ্রামে এ ঘটনা ঘটে।
এসময় নিহতের স্ত্রী শেফালী খাতুন হামলাকারীদের বাধা দিতে গেলে তিনি গুরুতর আহত হন। ঘটনার পর গ্রামবাসী রক্তমাখা কাপড়সহ হায়দুল ইসলাম নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে।
নিহত আব্দুস সোবাহান দত্তপাড়া এলংজানি দুগ্ধ উৎপাদন সমিতির সাবেক ম্যানেজার এবং গ্রামের মৃত শুকুর আলীর ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গ্রামের একটি মসজিদের পুকুর নিয়ে দীর্ঘদিন ধরে আব্দুস সোবাহানের সঙ্গে বাবলু, মোতালেব, সাইফুল ও হায়দুল গংয়ের বিরোধ চলছিল। প্রায় তিন বছর আগে ওই পুকুরকে কেন্দ্র করে সংঘর্ষে সোবাহানের ছেলে সেলিম আহম্মেদ নিহত হন।
এ ঘটনায় প্রতিপক্ষের বিরুদ্ধে উল্লাপাড়া মডেল থানায় হত্যা মামলা দায়ের করা হয়। মামলাটি বর্তমানে সিরাজগঞ্জ আদালতে সাক্ষ্যগ্রহণের অপেক্ষায় রয়েছে। ঘটনার সময় হামলাকারীদের মধ্যে একজন হায়দুল ইসলামকে রক্তমাখা অবস্থায় আটক করে গ্রামবাসী। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
নিহতের মেয়ে সাবিনা খাতুন অভিযোগ করে বলেন, মামলা তুলে নেয়ার জন্য দীর্ঘদিন ধরে তার বাবাকে হুমকি দেয়া হচ্ছিল।
তার দাবি, সাক্ষ্যগ্রহণের আগেই পরিকল্পিতভাবে প্রতিপক্ষের লোকজন ঘরে সিঁধ কেটে ঢুকে তার বাবাকে কুপিয়ে হত্যা করেছে। তিনি এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।
আরও পড়ুন <<>> সাংবাদিককে মিথ্যা মামলায় জড়ানোর হুমকি
লাহিড়ী মোহনপুর ইউনিয়নের সাবেক সদস্য আবুল হোসেন বলেন, মসজিদের পুকুরকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে দুই পক্ষের বিরোধ চলে আসছিল। পূর্ব শত্রুতার জের ধরেই এ হত্যাকাণ্ড ঘটেছে বলে স্থানীয়দের ধারণা।
উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত ওসি মোক্তারুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে এবং মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্ব বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। আটক হায়দুল ইসলামকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































