Apan Desh | আপন দেশ

যশোর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

যশোর প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১০:৫০, ২৭ এপ্রিল ২০২৬

আপডেট: ১০:৫৮, ২৭ এপ্রিল ২০২৬

যশোর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

ছবি: আপন দেশ

বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করতে যশোর পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২৭ এপ্রিল) সকাল ১০টার দিকে যশোর বিমানবন্দরে পৌঁছালে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও বিএনপি নেতৃবৃন্দ তাকে স্বাগত জানান। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ বিমানের নিয়মিত ফ্লাইটে সোমবার সকাল সোয়া ১০টায় যশোরে পৌঁছেছেন। এখান থেকে তিনি যাবেন সার্কিট হাউজে। সেখান থেকে উলশী খাল পুনঃখননসহ বিভিন্ন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

এর আগে, সকাল সাড়ে ৯টায় গুলশানের বাসভবন থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যান তারেক রহমান। এরপর সেখান থেকে একটি ফ্লাইটে যশোরের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী।

আরও পড়ুন<<>>আজ যশোর যাচ্ছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর প্রেস উইং জানিয়েছে, এ সফরে তিনি একাধিক গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। প্রধানমন্ত্রীর প্রথম কর্মসূচি হলো শার্শা উপজেলার ঐতিহাসিক উলশী খাল খনন কর্মসূচির উদ্বোধন। এ প্রকল্পটির মাধ্যমে অঞ্চলের কৃষি ও পানিনিষ্কাশন ব্যবস্থায় আমূল পরিবর্তন আসবে বলে আশা করা হচ্ছে। উদ্বোধন শেষে তিনি সেখানে আয়োজিত একটি পথসভা বা সুধী সমাবেশে স্থানীয় জনগণের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন।

শার্শার কর্মসূচি শেষ করে প্রধানমন্ত্রী যশোর সার্কিট হাউসে ফিরে আসবেন। সেখানে স্বল্প সময়ের বিরতি শেষে বিকেলে তিনি যশোর মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি ছিল এ পূর্ণাঙ্গ হাসপাতালটি, যার মাধ্যমে এ অঞ্চলের মানুষের জন্য উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত হবে। এটি প্রধানমন্ত্রীর পক্ষ থেকে যশোরবাসীর জন্য অন্যতম বড় উপহার হিসেবে দেখা হচ্ছে।

সফরের শেষ পর্যায়ে বিকেলে যশোর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে আয়োজিত এক বিশাল জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। দিনের সব আনুষ্ঠানিকতা শেষে সন্ধ্যায় যশোর বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রী ঢাকার উদ্দেশে রওনা হবেন।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়