ছবি: আপন দেশ
কুমিল্লার দাউদকান্দিতে চালবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে উলটে পড়ে সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন।
মঙ্গলবার (১৪ এপ্রিল) ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে জেলার দাউদকান্দি উপজেলার হাসানপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন দিনাজপুরের নবাবগঞ্জ থানার খালিবপুর গ্রামের মোহাম্মদ আফজাল হোসেন (৩৫), সোহরাব হোসেন (৪০) সালেক মিয়া (৪৫) একই জেলার বিরামপুর থানার সুমন মিয়া (২১), বিষু (৩৫), আবু হোসেন (৩০) এবং আব্দুর রশিদ(৫৫)।
পুলিশ জানায়, দিনাজপুর থেকে চট্টগ্রামগামী চালবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের নিচে পড়ে যায়। এ সময় ট্রাকের ওপর থাকা ১৩ যাত্রী ট্রাকের নিচে চাপা পড়েন। ঘটনাস্থলেই সাতজনের মৃত্যু হয় এবং আহত হন আরও ছয়জন।
খবর পেয়ে পুলিশ ও স্থানীয়রা দ্রুত উদ্ধার কাজ চালায় এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। নিহতদের মরদেহ দাউদকান্দি হাইওয়ে থানায় রয়েছে। ফায়ার সার্ভিসের সহযোগিতায় দুর্ঘটনা কবলিত ট্রাকটি উদ্ধার করে থানায় নিয়েছে পুলিশ।
দাউদকান্দি হাইওয়ে থানার ওসি ইকবাল বাহার বলেন, মহাসড়কের হাসানপুর এলাকায় চট্টগ্রাম অভিমুখী লেনে চালবাহি ট্রাক উলটে সাতজন নিহত এবং ছয়জন আহত হয়েছেন। আমরা নিহতদের মরদেহ উদ্ধার করেছি। আহতদের বিভিন্ন হাসপাতালে প্রেরণ করেছি।
তিনি বলেন, একদল শ্রমিক চালবাহী ট্রাকের ছাদে চড়ে চট্টগ্রাম যাচ্ছিল। হাসানপুর এলাকায় এসে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। সম্ভবত চালক ঘুমিয়ে ঘুমিয়ে গাড়ি চালাচ্ছিলেন। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি।
তিনি আরও বলেন, নিহতদের পরিচয় সনাক্ত এবং আহতদের চিকিৎসা ব্যবস্থার খোঁজখবর নেয়া হচ্ছে। ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। দুর্ঘটনা কবলিত ট্রাকটি উদ্ধারের চেষ্টা চলছে।
আপন দেশ/এবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































