Apan Desh | আপন দেশ

চরভদ্রাসনে জাটকা সংরক্ষণ সপ্তাহর উদ্বোধন

চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৭:৫২, ৭ এপ্রিল ২০২৬

চরভদ্রাসনে জাটকা সংরক্ষণ সপ্তাহর উদ্বোধন

ছবি: আপন দেশ

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় ‘জাটকা ধরা থামাই, ইলিশে ভরবে সাগর-নদী’ প্রতিপাদ্যকে সামনে রেখে জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (০৭ এপ্রিল) সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে বেলুন উড়িয়ে তিনদিনব্যাপী এ কর্মসূচির উদ্বোধন ঘোষণা করেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মো’ শহিদুল ইসলাম বাবুল। উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় প্রশাসন, মৎস্য বিভাগ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

উদ্বোধন শেষে উপজেলা কনফারেন্স রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. যায়েদ হোছাইনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি শহিদুল ইসলাম বাবুল বলেন, একসময় দেশের নদী-নালা ও খাল-বিলে মাছের প্রাচুর্য ছিল, কিন্তু বর্তমানে জলধারা কমে যাওয়ায় মাছের আবাসস্থল হুমকির মুখে পড়েছে। তিনি জানান, সরকার খাল-বিল খননের মাধ্যমে জলপ্রবাহ ফিরিয়ে আনতে কাজ করছে। 

আরও পড়ুন<<>>যুবদল নেতা হত্যা মামলার আসামি গ্রেফতার

তিনি আরও বলেন, জাটকা সংরক্ষণ এবং দেশীয় প্রজাতির মাছ রক্ষায় অবৈধ জালের ব্যবহার বন্ধ করতে হবে। এ লক্ষ্যে মৎস্যজীবীসহ সংশ্লিষ্ট সকলকে একযোগে কাজ করার আহবান জানান তিনি।

উপজেলা সহকারী শিক্ষা অফিসার মো. মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার আজমীর হোসেন, জেলা মৎস্য কর্মকর্তা নাসরিন জাহান, উপজেলা মৎস্য কর্মকর্তা নাঈম হোসেন বিপ্লব, থানার অফিসার ইনচার্জ মো. আনোয়ার হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাফিজুর রহমান, উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির সভাপতি মো. অহিদুজ্জামান মোল্যা, যুবদল সভাপতি মো. মোজাফর হোসেন জাফর, সাংবাদিক আবদুস সবুর কাজল, আব্দুস ছালাম এবং মৎস্যজীবী মো. কামাল হোসেন প্রমুখ।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং স্থানীয় জনগণ অংশগ্রহণ করেন। জাটকা সংরক্ষণ সপ্তাহ ৭ এপ্রিল থেকে ৯ এপ্রিল পর্যন্ত পালন করা হবে।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়