ছবি: আপন দেশ
নোয়াখালীতে পৃথক দুই ঘটনায় গৃহবধূ হত্যা ও শিশুকে ধর্ষণ চেষ্টার মামলায় দুই আসামিকে দণ্ড দিয়েছেন আদালত। একটি মামলায় স্বামীকে যাবজ্জীবন এবং অপর মামলায় এক যুবককে ৭ বছরের সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।
মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে নোয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মোহাম্মদ খোরশেদুল আলম সিকদার এ রায় ঘোষণা করেন।
আদালত সূত্রে জানা যায়, ২০১৮ সালে কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর ইউনিয়নে শাহানারা বেগম নামে এক গৃহবধূকে নির্মমভাবে হত্যার ঘটনায় তার স্বামী গোলাম সারোয়ারকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে। ভোরে নামাজরত অবস্থায় স্ত্রীকে গামছা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে যান তিনি। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে মামলা দায়ের করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত এ রায় দেন। মামলায় নিহতের ছেলে আদালতে সাক্ষ্য প্রদান করায় বিষয়টি বিশেষ গুরুত্ব পায়।
আরও পড়ুন<<>>মৌলভীবাজারে চলন্ত ট্রেনে আগুন, সারা দেশের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ
অপরদিকে, বেগমগঞ্জ উপজেলার করিমপুর এলাকায় ১০ বছর বয়সী এক শিশুকে ধর্ষণ চেষ্টার ঘটনায় মো. বরকত উল্লাহ নামে এক যুবককে ৭ বছরের সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। ২০২০ সালের মার্চ মাসে সংঘটিত এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার মামলা দায়ের করে।
বিষয়টি নিশ্চিত করেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মো. সেলিম শাহী। তিনি বলেন, সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা করে আদালত এ রায় প্রদান করেছেন। যা সমাজে অপরাধ দমনে গুরুত্বপূর্ণ বার্তা দেবে।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































