Apan Desh | আপন দেশ

তেঁতুলিয়ায় অসহায় নারীদের বাড়ি ফেরার আর্তনাদ

পঞ্চগড় প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৬:৫৪, ২৯ মার্চ ২০২৬

তেঁতুলিয়ায় অসহায় নারীদের বাড়ি ফেরার আর্তনাদ

ছবি: আপন দেশ

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় একটি অসহায় পরিবারের নারীদের ওপর অমানবিক নির্যাতন ও বসতবাড়িতে পেট্রোল দিয়ে আগুন দেয়ার অভিযোগ উঠেছে। প্রতিপক্ষের অব্যাহত হুমকিতে গত দুই মাস ধরে ঘরছাড়া হয়ে ভাড়া বাড়িতে মানবেতর জীবন যাপন করছেন এক মা ও তার কন্যারা। এ অবস্থায় প্রশাসনের হস্তক্ষেপ ও জীবনের নিরাপত্তা চেয়ে সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবার।

শনিবার (২৮ মার্চ) সন্ধ্যায় তেঁতুলিয়া প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কান্নায় ভেঙে পড়েন ভুক্তভোগী সাজেদা বেগম ও তার মেয়েরা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সাজেদা বেগমের মেয়ে রিতা আক্তার জানান, জমিজমা ও পারিবারিক বিরোধের জেরে এলাকার তবিবর রহমান, মোজাফ্ফর হোসেন ও মজিবর রহমানসহ একটি চক্র দীর্ঘদিন ধরে তাদের উচ্ছেদের ষড়যন্ত্র লিপ্ত রয়েছে। এরই ধারাবাহিকতায় গত ২৭ জানুয়ারি গভীর রাতে তবিবর রহমানের নেতৃত্বে একদল সন্ত্রাসী বেআইনিভাবে তাদের বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা আসবাবপত্র ভাঙচুর করার পর পেট্রোল দিয়ে ঘরে আগুন ধরিয়ে দেয়। এতে প্রায় ৫ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ছাই হয়ে যায়। 

আরও পড়ুন<<>>তেল না পেয়ে পাম্প ম্যানেজারকে ট্রাকচাপায় ‘হত্যা’

রিতা আক্তার আরও অভিযোগ করেন, তবিবর রহমান এলাকার চিহ্নিত মাদক সম্রাট। তারা আমাদের মানসিকভাবে নির্যাতন করছে এবং মাদক দিয়ে ফাঁসানোর হুমকি দিচ্ছে। আমার প্রতিবন্ধী বোন ও বৃদ্ধা মাকে নিয়ে আমরা এখন যাযাবর জীবন যাপন করছি। আমাদের ঘরে কোনো পুরুষ মানুষ নেই। আমরা নিরাপত্তা চাই এবং সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গের সহযোগিতায় নিজের ঘরে ফিরে শান্তিতে থাকতে চাই।

ভুক্তভোগীরা এ ঘটনায় ১৩ জনকে অভিযুক্ত করে থানায় মামলা দায়ের করেছেন। অভিযুক্তদের মধ্যে রয়েছে বাংলাবান্ধা ধাইজান এলাকার মৃত নজিরবদ্দীনের ছেলে তবিবর রহমান (৪৬), ঝাড়ুয়াপাড়া এলাকার মোজাফ্ফর হোসেন (৩৮), মজিবর রহমান (৫০), হারুন (৪০) ও শাকিল (১৯) গং। ভুক্তভোগীদের দাবি, মামলা করার পর থেকে আসামিরা আরও ক্ষিপ্ত হয়ে প্রাণনাশের হুমকি দিয়ে যাচ্ছে।

তবে অগ্নিসংযোগ ও নির্যাতনের অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্তদের স্বজনরা। সরেজমিনে যোগাযোগ করা হলে তারা দাবি করেন, এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। উল্টো ওই পরিবারটিকে ‘মামলাবাজ’ আখ্যা দিয়ে তারা বলেন, ওই নারীরাই এলাকায় মাদক ও অনৈতিক কর্মকান্ডের সঙ্গে জড়িত। গ্রামবাসী প্রতিবাদ করলে তারা মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে। তাদের অত্যাচারে গ্রামের মানুষ অতিষ্ঠ।

তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রাশেদুল ইসলাম জানান, ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে থানায় মামলা করা হয়েছে। 

বর্তমানে চরম আতঙ্কে ও নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন অসহায় সাজেদা বেগমের পরিবার। তারা ন্যায়বিচার ও স্বাভাবিক জীবনের নিশ্চয়তা পেতে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করেছেন।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement