ছবি: আপন দেশ
বরিশালে হানিট্র্যাপ চক্রের এক নারী সদস্যসহ দুইজনকে আটক করেছে পুলিশ। নগরীর একটি আবাসিক হোটেল থেকে তাদের আটক করা হয়। শনিবার (৭ মার্চ) রাতে নগরীর গির্জামহল্লা এলাকার হোটেল ইম্পেরিয়াল থেকে তাদের আটক করে কোতয়ালী মডেল থানা পুলিশ।
আটকরা হলেন হানিট্র্যাপ চক্রের নারী সদস্য মিলিতা দত্ত ম্যালাইসা এবং সান্টু হাওলাদার।
এর আগে হানিট্র্যাপের শিকার হয়ে বরিশাল সদর উপজেলার কড়াপুর ইউনিয়নের বাসিন্দা সিরাজুল ইসলাম খান থানায় মামলা করেন। তিনি মোফাজ্জেল হোসেন খানের ছেলে। মামলায় ১১ জনকে আসামি করা হয়েছে। আটক দুইজন ছাড়াও এতে হোটেলের মালিক ও ম্যানেজারসহ আরও আটজনের নাম উল্লেখ রয়েছে।
মামলার সূত্রে জানা গেছে, একই এলাকার বাসিন্দা হওয়ায় হানিট্র্যাপ চক্রের সদস্য আব্দুর রহমানের সঙ্গে আগে থেকেই পরিচয় ছিল ভুক্তভোগী সিরাজুল ইসলামের। সে পরিচয়ের সুযোগে গত ৭ মার্চ বিকেলে আব্দুর রহমান তাকে গির্জামহল্লা এলাকায় দেখা করতে বলেন।
রাত ৯টার দিকে সিরাজুল ইসলাম সেখানে পৌঁছালে আব্দুর রহমান তাকে হোটেল ইম্পেরিয়ালের চতুর্থ তলার একটি কক্ষে নিয়ে যান। সেখানে আগে থেকেই ৮-১০ জন সদস্য অপেক্ষা করছিলেন।
আরও পড়ুন <<>> চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে জ্বালানিবাহী ৮টি জাহাজ
কক্ষের সামনে গেলে চক্রের নারী সদস্য ম্যালাইসা ও অন্য সদস্যরা তাকে ফাঁদে ফেলে। এরপর তরুণীর সঙ্গে অবৈধ সম্পর্কের অভিযোগ তুলে আপত্তিকর ভিডিও ধারণ করা হয়। সে ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়ার হুমকি দেয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন উল ইসলাম জানান, আটক নারীসহ দুইজনকে রোববার বিকেলে আদালতে পাঠানো হয়। আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































