ছবি: আপন দেশ
কুষ্টিয়ার মিরপুর উপজেলার গঙ্গা-কপোতাক্ষ (জিকে) সেচ প্রকল্পের প্রধান খাল থেকে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত শিশুটির নাম মোহাম্মদ আলী। জানা যায়, শিশুটি ১৭ ঘন্টা আগে নিখোঁজ হয়েছিল।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে উপজেলার কাদেরপুর গ্রামসংলগ্ন জিকে সেচ প্রকল্পের খাল থেকে শিশুটির লাশ উদ্ধার করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স–এর ডুবুরি দলের সদস্যরা।
নিহত মোহাম্মদ আলী একই গ্রামের কহন আলীর ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে বাড়ির পাশের রাস্তার ধারে জিকে ক্যানালের পাড়ে খেলাধুলা করছিল সে। একপর্যায়ে অসাবধানতাবশত খালে পড়ে যায় শিশুটি। বিষয়টি টের পেয়ে পরিবারের সদস্যরা তাৎক্ষণিকভাবে খোঁজাখুঁজি শুরু করলেও তাকে উদ্ধার করা সম্ভব হয়নি।
আরও পড়ুন <<>> অবৈধ মালামালসহ সীমান্তে আটক ১৫
পরে খবর পেয়ে খুলনা থেকে আসা ডুবুরি দল বুধবার সকালে উদ্ধার অভিযান শুরু করে। দীর্ঘ অনুসন্ধানের একপর্যায়ে নিখোঁজস্থল থেকে প্রায় ৫০০ গজ দূরে স্থানীয়রা পানিতে ভাসমান অবস্থায় শিশুটির মরদেহ দেখতে পান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে পরবর্তী আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































