ছবি: আপন দেশ
রাজবাড়ীর পাংশা উপজেলায় প্রেমিকের বাড়িতে গিয়ে এক কলেজছাত্রীর বিষপানের ঘটনা ঘটেছে। গুরুতর অসুস্থ অবস্থায় তাকে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার কসবামাঝাইল ইউনিয়নের নাদুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
অভিযুক্ত প্রেমিক শান্ত একই গ্রামের মো. আবু তালেবের ছেলে। অসুস্থ ওই তরুণী শৈলকুপা উপজেলার লাঙ্গলবাধ এলাকার আদিল উদ্দিন ডিগ্রি কলেজের শিক্ষার্থী।
স্থানীয় সূত্র জানায়, প্রায় এক বছর আগে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। মোবাইল ফোন ও ভিডিও কলের মাধ্যমে নিয়মিত যোগাযোগ থাকায় সম্পর্ক ঘনিষ্ঠ হয়। অভিযোগ রয়েছে, প্রেমিক শান্ত ভিডিও কলে হওয়া কথোপকথন গোপনে স্ক্রিন রেকর্ড করে তা দেখিয়ে তরুণীকে ব্ল্যাকমেইল করেন। পরে তাকে শারীরিক সম্পর্কে বাধ্য করা হয় বলেও অভিযোগ উঠেছে।
পরবর্তীতে বিয়ের দাবি জানালে শান্ত বিষয়টি এড়িয়ে যান। এক পর্যায়ে বিয়ে করতে অস্বীকৃতি জানালে মানসিকভাবে ভেঙে পড়েন ওই ছাত্রী। এরপর তিনি প্রেমিকের বাড়িতে গিয়ে বিষপান করেন। অসুস্থ হয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
আরও পড়ুন <<>> একই পরিবারের ৩ সদস্যকে অজ্ঞান করে লুটপাট
ভুক্তভোগীর মা অভিযোগ করে বলেন, তার মেয়ের সঙ্গে প্রতারণা করা হয়েছে। ঘটনাটি জানাজানি হওয়ায় পরিবার চরম মানসিক সংকটে রয়েছে। তিনি ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন। ঘটনার পর অভিযুক্ত শান্তের বাড়িতে কাউকে পাওয়া যায়নি। তার ব্যবহৃত মোবাইল ফোন নম্বরও বন্ধ পাওয়া গেছে।
পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মইনুল ইসলাম জানান, বিষয়টি পুলিশ জেনেছে। তবে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।
আপন দেম/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































