ছবি: আপন দেশ
মাদারীপুরে রাতের অন্ধকারে দুইপক্ষ টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষে জড়িয়েছে। এ ঘটনায় অন্তত শতাধিক হাতবোমা বিস্ফোরণ ঘটানো হয়। শনিবার (২১ ফেব্রুয়ারি) রাত ৯টা থেকে ১টা পর্যন্ত টানা চারঘণ্টা সদর উপজেলার ‘নতুন মাদারীপুর’ গ্রামে এ সংঘর্ষ চলে।
সংঘর্ষের সময় হাতবোমা বিস্ফোরণের কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। যার কারণে আতঙ্কিত হয়ে পড়ে পুরো এলাকাবাসী। পরে খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, দীর্ঘদিন ধরে মাদারীপুর সদর উপজেলার ‘নতুন মাদারীপুর’ গ্রামের আক্তার হাওলাদার ও হাসান মুন্সির মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয়ভাবে বিরোধ চলে আসছিল। বিরোধকে কেন্দ্র করে প্রায়ই সংঘর্ষে জড়ায় দুইপক্ষ। এরই জেরে শনিবার রাত ৯টা থেকে রাত ১টা পর্যন্ত টানা ৪ ঘণ্টা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে দুইপক্ষের মধ্যে চলে সংঘর্ষ। এ সময় শতাধিক হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। সংঘর্ষে দুইজন আহত হন। পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। এলাকায় থমথমে অবস্থা বিরাজ করায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। মূলত এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রায়ই সংঘর্ষে জড়ায় দুইপক্ষ।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































