Apan Desh | আপন দেশ

মনোনয়ন বঞ্চিত প্রার্থী এখন মন্ত্রিসভায়

কুমিল্লা প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৮:১০, ১৭ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ১৮:১১, ১৭ ফেব্রুয়ারি ২০২৬

মনোনয়ন বঞ্চিত প্রার্থী এখন মন্ত্রিসভায়

আমিন-উর-রশিদ ইয়াছিন। ছবি: সংগৃহীত

কুমিল্লা-৬ আসনে দলীয় মনোনয়ন না পেলেও শেষ পর্যন্ত বড় চমক দেখালেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমিন-উর-রশিদ ইয়াছিন। ত্রয়োদশ জাতীয় সংসদের মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ নিয়ে তিনি এখন মন্ত্রী।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে প্রথমে সংসদ সদস্য এবং পরে মন্ত্রী হিসেবে শপথ নেন তিনি। খবর ছড়িয়ে পড়তেই কুমিল্লায় দলীয় নেতাকর্মী ও স্থানীয়দের মধ্যে উচ্ছ্বাস দেখা দেয়।

দলীয় সূত্রে জানা যায়, এবার নির্বাচনে অংশ নিতে তিনি মনোনয়নপ্রত্যাশী ছিলেন। কিন্তু দল থেকে মনোনয়ন না পাওয়ায় তার সমর্থকরা প্রায় এক মাস ধরে মিছিল-সমাবেশসহ বিভিন্ন কর্মসূচি পালন করেন। কুমিল্লার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও মনোনয়নের দাবিতে আন্দোলনে অংশ নেন।

পরবর্তীতে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে কুমিল্লা-৬ আসনে (সদর, কুমিল্লা সদর দক্ষিণ ও কুমিল্লা সিটি করপোরেশন) মনোনয়নপত্র জমা দেন এবং প্রচারণা চালান। তবে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের আশ্বাসে মনোনয়ন প্রত্যাহার করে দলীয় প্রার্থী মনিরুল হক চৌধুরীর পক্ষে কাজ করেন এবং তাকে বিজয়ী করতে ভূমিকা রাখেন। এতে তার অনুসারীদের মাঝে কিছুটা হতাশা তৈরি হলেও মন্ত্রিত্বের খবরে পরিস্থিতি পাল্টে যায়।

শপথ গ্রহণের আগে আমিন-উর-রশিদ ইয়াছিন জানান, তিনি মন্ত্রিপরিষদের শপথে অংশ নিতে চিঠি পেয়েছেন এবং কুমিল্লার মানুষের প্রত্যাশা পূরণে কাজ করবেন।

আরও পড়ুন <<>> দুই পক্ষের সংঘর্ষে বৃদ্ধের মৃত্যু, গ্রেফতার ৫

১৯৯৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে তিনি কুমিল্লা-৯ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০৯ সালে কুমিল্লা কোতোয়ালি থানা বিএনপির সভাপতি নির্বাচিত হন। একই বছর কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির কৃষি বিষয়ক সহ-সম্পাদক হিসেবে দায়িত্ব পান। পরে কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক মনোনীত হন।

২০২২ সালের ৩০ মে তাকে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক ঘোষণা করা হয়। সর্বশেষ ২০২৫ সালের ১২ মার্চ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা কাউন্সিলের সদস্য মনোনীত হন তিনি।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়