ছবি: আপন দেশ
কুষ্টিয়ার কুমারখালীতে লাল টেপ প্যাঁচানো অবস্থায় ১০টি হাতবোমাসদৃশ বস্তু উদ্ধার করেছেন যৌথ বাহিনী সদস্যরা।
বুধবার (১১ ফেব্রুয়ারি) সকালে উপজেলার সদকী ইউনিয়নের বানিয়াকান্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন বিএনপি প্রার্থীর নির্বাচনি অফিসের পাশে এগুলো পাওয়া যায়। বানিয়াকান্দী সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র হিসেবে ব্যবহার হবে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, স্থানীয় রাজমিস্ত্রি মো. ফরিদ খান সকালে বানিয়াকান্দী সরকারি স্কুলসংলগ্ন বিএনপি প্রার্থীর নির্বাচনি অফিসের পাশে দুটি ব্যাগ মুখ বাঁধা অবস্থা পড়ে থাকতে দেখেন। বিষয়টি তিনি স্থানীয়দের জানান। স্থানীয়দের কাছে খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনী, র্যাব সদস্যসহ প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে আসেন। পরে সেগুলো উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ।
প্রত্যক্ষদর্শী মো. ফরিদ খান জানান, সকালে ওই নির্বাচনি অফিসের পাশে দুটি বাজারের ব্যাগ দেখে অন্যান্য লোকজনকে খবর দেন। পরে তারা পুলিশকে জানায়।
কুমারখালী থানার ওসি জামাল উদ্দিন বলেন, দুপুর সাড়ে ১২টার দিকে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। সেখানে দুটি বাজারের ব্যাগ থেকে লাল টেপ প্যাঁচানো ৪টি বড় ও ৬টি ছোট আকারের বোমা বা ককটেলসদৃশ বস্তু উদ্ধার করা হয়। পরীক্ষা-নিরীক্ষার জন্য এগুলো থানায় আনা হয়েছে।
এ বিষয়ে কুমারখালী সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার মেজর তারিক বলেন, এনএসআই গোয়েন্দাদের কাছে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। সেখানে দুটি বাজারের ব্যাগে লাল টেপ প্যাঁচানো অবস্থায় ৯-১০টি ককটেলসদৃশ বস্তু পাওয়া গেছে। সেগুলো উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। সেগুলো অধিকতর পরীক্ষা-নিরীক্ষা করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































