ছবি: সংগৃহীত
কক্সবাজারে একটি হত্যা মামলায় চার জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে। একই মামলায় একজনকে বেকসুর খালাস এবং আরেকজনকে ১০ হাজার টাকা জরিমানা ও দেড় বছরের সাজা প্রদান করা হয়েছে।
সোমবার (০৯ ফেব্রুয়ারি) দুপুরে কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২-এর বিচারক মো. নজরুল ইসলাম এ রায় ঘোষণা করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুর রশীদ এ তথ্য নিশ্চিত করেছেন।
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিদের মধ্যে রয়েছেন,কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামপুর ইউনিয়নের নাপিতখালী এলাকার মৃত এজহার মিয়ার ছেলে নুরুল ইসলাম (৮০), আলী হোসেনের ছেলে সিরাজুল ইসলাম (৪৫), সেলিম উল্লাহ (৪৮) এবং নুরুল ইসলামের ছেলে আশরাফুজ্জামান (৪৫)।
একই মামলায় মনজুরুল ইসলাম (৪৪) বেকসুর খালাস পান। ফরিদুল হক সোনা মিয়া (৪১) ১০ হাজার টাকা অর্থদণ্ড ও দেড় বছরের সাজা ভোগ করবেন। মামলার ৫ নম্বর আসামি আব্দুল জলিল ও ১০ নম্বর আসামি আলী হোসেন মৃত্যুবরণ করেছেন।
আরও পড়ুন <<>> শেষ গণমিছিলে ‘ফ্লাইং কিস’ দিলেন রুমিন ফারহানা
রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুর রশীদ বলেন, ২০১০ সালের ২৬ ডিসেম্বর ঈদগাঁও উপজেলার ইসলামপুর ইউনিয়নের নাপিতখালীর বাঁশকাটা এলাকায় জমি দখল নিয়ে মারিমারি হয়। সেখানে জাফর আলমের জমি দখলে নেয়ার সময় আসামিরা দেশীয় অস্ত্র ব্যবহার করে জাফর আলমকে জখম করে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।
জাফর আলমের ছেলে আব্দুল মজিদ বাদী হয়ে কক্সবাজার সদর মডেল থানায় হত্যা মামলা করেন। মামলার দীর্ঘ কার্যক্রম শেষে সোমবার আদালত রায় ঘোষণা করে। রায় প্রদানকালে সব আসামি আদালতে উপস্থিত ছিলেন।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































