ছবি: আপন দেশ
আকাশজুড়ে মেঘের আনাগোনা, সঙ্গে বৃষ্টি ও বজ্রবৃষ্টির শঙ্কা—ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলের আবহাওয়া নিয়ে নতুন বার্তা দিয়েছে আবহাওয়া অধিদফতর।
শনিবার (০৫ সেপ্টেম্বর) দুপুরের মধ্যেই রাজধানীতে নামতে পারে বৃষ্টি। শুধু ঢাকা নয়, দেশের আট বিভাগেই দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টির পূর্বাভাস রয়েছে। কোথাও কোথাও হতে পারে ভারী থেকে অতি ভারী বর্ষণও।
শনিবার (০৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।
আবহাওয়া অধিদফতর জানায়, মধ্যপ্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি বর্তমানে বিরাজমান থাকলেও তা ক্রমান্বয়ে দুর্বল হয়ে মৌসুমি বায়ুর অক্ষের সঙ্গে মিলনের প্রক্রিয়ায় রয়েছে। মৌসুমি বায়ু বর্তমানে বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।
পূর্বাভাস অনুযায়ী, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন : দুপুরের মধ্যে দেশের ১২ জেলায় ঝড়ের আভাস
তবে এ সময়ে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
এদিকে ঢাকায় আজ দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। শনিবার ঢাকায় সূর্যোদয় হবে ভোর ৫টা ৪১ মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ১২ মিনিটে।
আগামী ৫ দিনজুড়ে দেশে বৃষ্টিপাতের এই প্রবণতা অব্যাহত থাকতে পারে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
আপন দেশ/এমটিআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































