Apan Desh | আপন দেশ

দুপুরের মধ্যে ঝড়-বৃষ্টি হতে পারে ৪ অঞ্চলে

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ০৯:৫৩, ৪ জুন ২০২৬

দুপুরের মধ্যে ঝড়-বৃষ্টি হতে পারে ৪ অঞ্চলে

ছবি : আপন দেশ

ময়মনসিংহ-সিলেটসহ দেশের ৪ অঞ্চলে বৃহস্পতিবার (০৪ জুন)  দুপুরের মধ্যে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্কতাসংকেত দেখাতে বলা হয়েছে।

বৃহস্পতিবার (৪ জুন) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেয়া আবহাওয়ার অধিদফতরের সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, বগুড়া, টাংগাইল, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে, বুধবার (০৩ জুন) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টা বা ৫ দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ বর্তমানে পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিরাজ বিস্তৃত রয়েছে। 

পূর্বাভাস অনুযায়ী, আগামী ৭২ ঘণ্টার মধ্যে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বা বর্ষা টেকনাফ উপকূল পর্যন্ত অগ্রসর হতে পারে। ফলে দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলসহ আরও কয়েকটি এলাকায় বৃষ্টির পরিমাণ বাড়ার সম্ভাবনা রয়েছে।

বুধবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া এবং বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।

বৃষ্টির সম্ভাবনা থাকলেও দেশের বেশ কিছু অঞ্চলে এখনও মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বইছে। 

আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে,  চাঁদপুর, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া জেলাসহ রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। তবে বৃষ্টিপাতের কারণে দেশের বেশিরভাগ এলাকায় দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়