ছবি : সংগৃহীত
চলতি বিশ্বকাপের শেষ কোয়ার্টার ফাইনাল শেষ হয়েছে। এতে আর্জেন্টিনা ও সুইজারল্যান্ডের লড়াই ছিল রুদ্ধশ্বাস। অতিরিক্ত সময়ে ৩-১ গোলের জয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে লিওনেল মেসির দল।
তবে ম্যাচের উত্তেজনার পাশাপাশি আলোচনায় উঠে এসেছে মেসি ও রেফারির মধ্যকার একটি মুহূর্ত।
প্রথমার্ধে পর্তুগিজ রেফারি জোয়াও পেদ্রো পিনহেইরোর সঙ্গে কথোপকথনের একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে রেফারির কথা বলার ধরন পছন্দ না হওয়ায় সরাসরি নিজের আপত্তি জানান আর্জেন্টিনা অধিনায়ক।
ঘটনাটি ঘটে সুইজারল্যান্ডের একটি ফ্রি কিকের আগে। আর্জেন্টিনার রক্ষণভাগের দেয়ালে দাঁড়িয়ে ছিলেন মেসি। নির্ধারিত দূরত্বে সরে যেতে নির্দেশ দেন রেফারি। তবে সে নির্দেশ দেয়ার ভঙ্গি ও সুরে অসন্তুষ্ট হন মেসি।
টেলিভিশন ক্যামেরায় ধরা পড়ে, রেফারিকে উদ্দেশ করে মেসি বলছেন, ‘আমার সঙ্গে ঠিকভাবে কথা বলুন।’
ফ্রি কিকের পরও দুজনের মধ্যে সংক্ষিপ্ত কথোপকথন হয়। ঠোঁটের নড়াচড়া দেখে বোঝা যায়, মেসি রেফারিকে বলছিলেন, আমার সঙ্গে ঠিকভাবে কথা বলুন। আমাকে অসম্মান করবেন না। আমি আপনার সঙ্গে সম্মানের সঙ্গে কথা বলেছি। আপনিও আমার সঙ্গে একইভাবে কথা বলুন।
পুরো সময়ই শান্ত ছিলেন আর্জেন্টাইন অধিনায়ক। কোনো উত্তেজনা বা আগ্রাসী আচরণ না দেখিয়ে ধীরস্থিরভাবেই নিজের অবস্থান তুলে ধরেন তিনি। এ ঘটনায় রেফারি কোনো কার্ড বা অন্য কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেননি।
আরও পড়ুন : রোমাঞ্চকর জয়ে সেমিফাইনালে আর্জেন্টিনা
৩৮ বছর বয়সী জোয়াও পেদ্রো পিনহেইরো ইউরোপের উদীয়মান রেফারিদের একজন। ২০১৫ সালে পর্তুগালের শীর্ষ লিগে অভিষেকের পর এক বছর পরই ফিফার আন্তর্জাতিক ব্যাজ পান তিনি। উয়েফা চ্যাম্পিয়নস লিগ, ইউরোপা লিগ এবং ২০২৫ উয়েফা সুপার কাপসহ একাধিক বড় আসরে দায়িত্ব পালন করেছেন এ পর্তুগিজ রেফারি। সে অভিজ্ঞতার ভিত্তিতেই চলতি বিশ্বকাপে ম্যাচ পরিচালনার দায়িত্ব পান তিনি।
আপন দেশ/এনএম
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































